প্রিমিয়ার লিগের প্রস্তুতি শুরু করেছে সিসিডিএম

আপডেট : ১৫ জুন ২০১৩, ২২:০৭
প্রিমিয়ার ক্রিকেট লিগের বারোটি ক্লাব, অথচ এ প্লাস গ্রেডে খেলোয়াড় সংখ্যা চারজন! কিন্তু একজন খেলোয়াড় তো তিনটি ক্লাবে খেলতে পারবে না। তাহলে কোন ক্লাব পাবে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও নাসির হোসেনকে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গতকাল বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) কার্যালয়ে বসেছিলেন কমিটির কর্তারা। দীর্ঘ আলোচনার পর অবশ্য সিদ্ধান্ত হয়েছে যে, এ প্লাসের চারজনের সাথে এ গ্রেডের ২০ জন খেলোয়াড় যোগ করে মোট ২৪ জন খেলোয়াড়ের নিলাম তোলা হবে। বারোটি ক্লাবের প্রতিটি ক্লাব এই ২৪ জন থেকে দুইজন খেলোয়াড়কে নিতে পারবে লটারির মাধ্যমে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল ১৭ জুন প্রতিটি ক্লাবে চিঠি পৌঁছে দিবে সিসিডিএম। এরপর ২০ জুন নিলাম এবং ১ জুলাই থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ। আজ বিসিবির সিইও’র সাথে সিসিডিএম বৈঠক করবে। গ্রেডিং তালিকা হাতে পেলেই চিঠি পাঠানোর প্রক্রিয়া শুরু করবে সিসিডিএম কাল এরকম তথ্য দিলেন সিসিডিএম কো-অর্ডিনেটর সাব্বির আহমেদ রুবেল। এদিকে ১৮১ জন খেলোয়াড় থেকে ৮৮ জন খেলোয়াড়কে কোন গ্রেডে না রাখায় ক্ষোভ জানিয়েছেন খেলোয়াড়রা। ক্লাবগুলোর প্রস্তাব অনুযায়ী ৮৮ জন খেলোয়াড়কে আলোচনার ভিত্তিতে দলে নেয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক খেলোয়াড় কাল ক্ষোভের সাথে ইত্তেফাকে বললেন, ‘এমনিতে আমাদের পারিশ্রামিক কম দিচ্ছে ক্লাবগুলো। আবার অনেক খেলোয়াড়ের পারিশ্রামিকের কোন অংক নির্ধারণ করেনি। এরকম হলে তো আমরা খেলতে পারবো না। তবে সিসিডিএমের এই কর্মকর্তা জানিয়েছেন, ৮৮ জন খেলোয়াড়কে ই গ্রেডে রাখা হবে। তিনি বলেন, ‘ডি গ্রেডের খেলোয়াড়রা পাবেন আড়াই লাখ টাকা। ই গ্রেডের খেলোয়াড়কে আলোচনা সাপেক্ষে নিলে দুই লাখ কিংবা এক লাখ টাকা দিয়েও তো নিতে পারবে।’