‘লিস্ট এ’ মর্যাদা পাচ্ছে প্রিমিয়ার লিগ ক্রিকেট

আপডেট : ১৬ জুন ২০১৩, ২২:০৪
জাতীয় ক্রিকেট লিগের একদিনের টুর্নামেন্টটি আপাতত না থাকায় আবার দেশের প্রধান একদিনের খেলা হয়ে দাঁড়িয়েছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। আর এই টুর্নামেন্টটিকে এবার তাই আইসিসির ‘লিস্ট এ’ শ্রেণীভুক্ত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির ঘোষণা অনুযায়ী, টেস্ট খেলুড়ে দলগুলোর বোর্ড সন্তুষ্ট হলে তার দেশের প্রধান ওয়ানডে টুর্নামেন্টগুলোর জন্য এই স্বীকৃতির আবেদন করতে পারবে। ২৩ জুন থেকে আইসিসির বার্ষিক সাধারণ সভা (এজিএম) রয়েছে। সেখানে বিসিবি আইসিসিকে এ ব্যাপারে অবহিত করবে বলে জানান মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। ২০০৬ সালে বিভিন্ন দেশের ঘরোয়া ওয়ানডে খেলাকে এবং টেস্ট খেলুড়ে দেশগুলোর অনুশীলন ওয়ানডে ম্যাচকে স্বীকৃতি দেয়ার উদ্যোগ নেয়। সে উদ্যোগেই আন্তর্জাতিক পরিসংখ্যান ও ক্রিকেট ইতিহাসবিদরা তৈরি করেন এই ‘লিস্ট এ’ শ্রেণী। সাধারণত একটি দেশে একটি ‘লিস্ট এ’ টুর্নামেন্টই অনুমোদন দিয়ে থাকে আইসিসি। এছাড়া টেস্ট দলগুলো কোনো দেশ সফরে গিয়ে কোনো প্রথম শ্রেণীর দলের বিপক্ষে যে একদিনের ম্যাচ খেলে, সেগুলোও এই শ্রেণীতে পড়ে। বাংলাদেশে জাতীয় লিগের একদিনের টুর্নামেন্টটি এই অনুমোদনপ্রাপ্ত ছিল। এবার প্রিমিয়ার লিগকেও সেই তালিকায় ঢোকানোর উদ্যোগ নেয়া হল। প্রায় ছয় বছর ধরে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হলেও এতদিন পর কেন এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি? বিসিবির মিডিয়া ম্যানেজার বললেন, ‘আগে জাতীয় লিগের সাথে ওয়ানডে টুর্নামেন্ট ছিল তাই হয়তো এ ধরনের সিদ্ধান্ত হয়নি। এখন প্রিমিয়ার ক্রিকেট দেশের প্রধান ওয়ানডে টুর্নামেন্ট। তাই লিগকে ‘লিষ্ট এ’ মর্যাদা দেয়ার সিদ্ধান্ত হয়েছে।’ এদিকে প্রিমিয়ার লিগকে সামনে রেখে বিসিবি চার সদস্যের একটি কমিটি তৈরি করা হয়েছে। এই কমিটি লিগ আয়োজনের সমস্ত কার্যক্রম সম্পন্ন করবে বলে জানান বিসিবি সিইও।