হকি ফেডারেশনের নির্বাচন

সাধারণ সম্পাদক পদে দুজনসহ ৬৫ জনের মনোনয়ন জমা পড়লো

আপডেট : ১৬ জুন ২০১৩, ২২:০৫
হকি ফেডারেশনের আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে খাজা রহমত উল্লাহ এবং শফি উল্লাহ আল মুনীর উভয়েই গতকাল দুপুরে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ধারণা করা হচ্ছে, এ পদটির নির্বাচনে জোর প্রতিদ্বন্দ্বিতা হবে। ফেডারেশনের একজন সাধারণ সম্পাদক, পাঁচ সহ-সভাপতি, দুজন যুগ্ম সম্পাদক, একজন কোষাধ্যক্ষ ও ১৯ সদস্য মিলিয়ে ২৮টি পদের জন্য ২৭ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ মনোনয়নপত্রগুলো বাছাইয়ের পর বুধবার প্রত্যাহার ও পরদিন প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। প্রাথমিকভাবে এ পদগুলোর বিপরীতে ৬৫ জন প্রার্থী দেখা যাচ্ছে। ফেডারেশনের ৭১ জন কাউন্সিলর নতুন কমিটির জন্য ভোট দেবেন। ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক খাজা রহমত উল্লাহ গতকাল ফোরাম নেতা আশিকুর রহমান মিকুকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। ছয় সভাপতিসহ ৩৭ জন প্রার্থীর নাম জমা দেয়া হয়েছে। যেখানে ১১ জন ফোরাম মনোনীত প্রার্থী রয়েছেন বলে জানিয়েছেন সহ-সভাপতি প্রার্থী মীর্জা ফরিদ আহমেদ মিলু। তিনি ছাড়াও সহ-সভাপতি পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন আব্দুস সাদেক, সাব্বির ইউসুফ, আব্দুর রশিদ সিকদার, মোস্তাক আলী মুকুল, জুম্মন লুসাই। যুগ্ম সম্পাদক পদে প্রার্থী হয়েছেন আনভির আদিল খান বাবু এবং ইউসুফ আলী। কোষাধ্যক্ষ হিসেবে কাজী মইনুজ্জামান পিলা। জানা গেছে, একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও পরিস্থিতি বুঝে পরে তা প্রত্যাহার করে নিতে পারেন। শফি উল্লাহ আল মুনীর প্যানেল ঘোষণা না করলেও ২৮টি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সহ-সভাপতি পদে রয়েছেন শামসুল বারী, সাজেদ এ আদেল, প্রতাপ শংকর হাজরা। যুগ্ম সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মীর মনোয়ার আলী এবং রইস উদ্দিন আহমেদ। কোষাধ্যক্ষ পদে প্রার্থী সুলতান উদ্দিন আহমেদ। গতকাল বিকাল পর্যন্ত রহমত উল্লাহর পক্ষে ৩৭ জন আর মুনীরের পক্ষে ২৮টি মনোনয়নপত্র জমা পড়েছে।