এমপিদের ১২শ’ টন করে খাদ্যশস্য বরাদ্দ

আপডেট : ১৬ জুন ২০১৩, ২২:১০
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান, চলতি অর্থবছরে প্রতি সংসদ সদস্যদের নির্বাচনী এলাকাভিত্তিক পর্যায়ে কাবিখা খাতে ৬০০ এবং টিআর খাতে ৬০০ টন খাদ্যশস্য বরাদ্দ প্রদান করা হয়েছে। সংরক্ষিত মহিলা সংসদ সদস্যদের অনুকূলে কাবিখা খাতে ৩০০ এবং টিআর খাতে ৩০০ টন খাদ্যশস্য বরাদ্দ প্রদান করা হয়েছে। গতকাল রবিবার বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে টেবিলে উপস্থাপন করা প্রশ্নোত্তর পর্বে বেগম নূর-ই-হাসনা লিলি চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি সংসদকে এ কথা জানান। মো. আনোয়ার হোসেনের প্রশ্নের জবাবে তিনি জানান, চলতি অর্থবছরে পিরোজপুর জেলায় মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসাবে ৩২৮ বান্ডিল ঢেউটিন ও বাড়ি মেরামত বাবদ প্রতি বান্ডিল ঢেউটিনের সাথে তিন হাজার করে টাকা দেয়া হয়েছে। পিরোজপুরের সাত উপজেলায় নয় লাখ ৮৪ হাজার টাকা দেয়া হয়েছে। সাধনা হালদারের লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, জলবায়ু পরিবর্তনের ফলে বজ্রপাতে মৃতের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বজ্রপাত অবশ্যই একটি প্রাকৃতিক দুর্যোগ বিবেচনায় মানবিক সহায়তা বাস্তবায়ন নির্দেশিকা ২০১২-২০১৩ অনুযায়ী সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত জিআর ক্যাশ খাত থেকে সাহায্য প্রদান করা হয়ে থাকে। চলতি অর্থবছরে এ পর্যন্ত বজ্রপাতে নিহত প্রায় ২৫০ জনের পরিবারকে ২০ হাজার টাকা হারে ৫০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এদিকে মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিকের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন জানান, বর্তমান সরকারের সফল শ্রম কূটনৈতিক তত্পরতার ফলে বিশ্বের ১৫৭টি দেশে শ্রম বাজার সমপ্রসারণ করা সম্ভব হয়েছে। এ খাত থেকে চলতি অর্থবছরের ১১ মাসে প্রেরিত রেমিট্যান্সের পরিমাণ হচ্ছে ১৩ হাজার ৩৯৫ দশমিক ১০ মিলিয়ন ডলার। মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়ার প্রশ্নের জবাবে তিনি জানান, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে ছাড়পত্র নিয়ে বৈধভাবে বিদেশে যাওয়া কর্মীর সংখ্যা ৮৪ লাখ ৮২ হাজার ২৬ জন। প্রবাসী কর্মীদের শতকরা ৮০ ভাগই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মরত রয়েছে। পিনু খানের লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে যাওয়া এক হাজার ৭০৮ জন বেকার যুবককে গত ২০ এপ্রিল পর্যন্ত প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ১৪ কোটি ১৫ লাখ ১৯ হাজার টাকা অভিবাসন ঋণ দেয়া হয়েছে। মো. শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক জানান, বর্তমান ইরি-বোরো মওসুমে দেড় লাখ টন ধান এবং নয় লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চালের মধ্যে সাড়ে আট লাখ টন সিদ্ধ এবং ৫০ হাজার টন আতপ।