অশালীন বক্তব্য এড়াতে স্পিকারের রুলিং

আপডেট : ১৭ জুন ২০১৩, ২১:৩৮
সংসদে অশালীন, অসংসদীয় ও আক্রমণাত্মক বক্তব্য যাতে কোন সদস্য না দেন সে জন্য রবিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রুলিং দেন। একই সঙ্গে তিনি কার্যপ্রণালী বিধি মেনে বক্তব্য রাখার জন্য সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান। সকল সদস্যের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে স্পিকার বলেন, মাইক বন্ধ কোন সুখকর খবর নয়। তবে বক্তব্যে বিধি লংঘন করলে সর্বশেষ পন্থা হিসাবে মাইক বন্ধ করে দেয়া হবে। এদিকে স্পিকার রুলিং দেয়ার পর প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনা শুরু হলে ফিরে আসে গত সপ্তাহের সেই চিত্র। গত সপ্তাহে নাম উচ্চারণ করা হলেও রবিবার সরকার ও বিরোধী দলের দিক থেকে নাম উচ্চারণ না করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সম্পর্কে আক্রমণাত্মক বক্তব্য রাখা হয়। এমনকি প্রয়াত ও জীবিত জাতীয় নেতাদের পরিবারের সদস্যরাও অশোভন ভাষায় আক্রমণের শিকার হন।