পিরলো ম্যাজিকে ইতালির জয়

আপডেট : ১৭ জুন ২০১৩, ২২:৩০
শততম ম্যাচে জাদুকরী ফুটবলের আরেকটা নিদর্শন স্থাপন করলেন আন্দ্রে পিরলো। আর পাশে পেলেন মারিও বালোতেল্লিকে। আর এই দুজনের গোলেই গত রবিবার নতুনভাবে সাজানো রিও’র মারাকানা স্টেডিয়ামে ইতালি কনফেডারেশন কাপে নিজেদের উদ্বোধনী খেলায় ২-১ গোলে পরাজিত করলো মেক্সিকোকে। ইতালির অভিজ্ঞ খেলোয়াড় পিরলো শততম ম্যাচে বল পায়ে ঝলক দেখানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি গোল করেন। ইতালিও তিনটি পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ ‘এ’ তে ব্রাজিলের সাথে অবস্থান করছে। বর্তমানে ৩৪ বছর বয়সী মাঝমাঠে অভিজ্ঞ খেলোয়াড় পিরলো কমপক্ষে ৩০ গজ দূর থেকে ফ্রি-কিকে গোল করে (২৭ মিনিট) আনন্দে ভাসান ইতালির সমর্থকদের। ম্যানচেস্টার ইউনাইটেডের জাভিয়ার হার্নান্দেজ পেনাল্টি থেকে মেক্সিকোর সমতাসূচক গোলটি করেন সাত মিনিট পরেই। পিরলোর আলোয় উদ্ভাসিত বালোতেল্লি খেলা শেষ হওয়ার ১২ মিনিট আগে ইতালিকে জয়সূচক গোলটি এনে দিয়ে উত্সবের শিরোমনি হন। স্বাগতিক ব্রাজিল ব্রাসিলিয়ায় উদ্বোধনী ম্যাচে এশিয়ার চ্যাম্পিয়ন জাপানকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। পঞ্চম ইতালীয় খেলোয়াড় হিসেবে পিরলো ১০০তম ম্যাচ খেললেন। অসাধারণ গোল করে স্মরণীয় করে রাখলেন এই ম্যাচটিও। ইতালির কোচ সিজার প্রানদেল্লি বলেন, ‘পিরলোর সম্পর্কে কিছু বলার ভাষা আমার নেই। সে সবার অনুকরণীয়।’ পিরলোর নৈপুণ্যে মুগ্ধ হয়েছে ঐতিহাসিক মারাকানা। অসাধারণ গোলটির আগে থেকেই পিরলোর নাম গ্যালারিতে উচ্চারিত হচ্ছিল। গোলটির পরে আরো সরব হয় গ্যালারি। গারিঞ্চা, পেলে, জিকো এবং রোমারিওর নাম ধ্বনিত হতো মারাকানায়। সেখানে বিদেশি খেলোয়াড় পিরলো পেলো দারুণ সম্মাননা। এদিকে বালোতেল্লির গোল উদযাপনটা পছন্দ হয়নি প্রানদেল্লির। কারণ গোলটি করেই জার্সি খুলে হুংকার দিয়ে ওঠেন এসি মিলানের এই খেলোয়াড়। প্রানদেল্লি বলেন, ‘মাংশপেশি দেখাতে সে জামা খুলেছিলো, কিন্তু সব হলুদ কার্ড গুনে নেয়া হচ্ছে।’ কিন্তু বালোতেল্লির খেলার প্রশংসা করেন কোচ, ‘কিন্তু সে ভাল খেলেছে। পুরো খেলায় সে সজাগ ছিল এবং চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে।’ তবে বালোতেল্লি অবশ্য জানান জামা খুলে ফেললে সাজা পেতে হবে এটা জানতেন না। জামা খুলে ফেলার জন্য তাকে হলুদ কার্ড দেখতে হয়। তিনি বলেন, ‘আমি নিয়মটা জানতাম না। আমি আর কখনো এমনটা করব না।’