রূপকথার মতো মৌসুম কাটাতে থাকা শেখ রাসেল এক ম্যাচ হাতে রেখেই ‘এ’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে গেছে। আর একই গ্রুপে খেলতে নেমে দুই ম্যাচ ড্র করে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী যেন খাদের কিনারায় দাঁড়িয়ে আছে।
সেই খাদের কিনার থেকে ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালে ওঠার জন্য আজ আবাহনী মুখোমুখি হবে শেখ রাসেলের। আবাহনীকে সেমিফাইনালে উঠতে হলে আজ শেখ রাসেলকে হারাতে হবে। অবশ্য ম্যাচ ড্র হলেও কিছু হিসাব-নিকাশ বাকী থেকে যেতে পারে।
আবাহনী ম্যাচ জিতলে কোনো হিসাবের প্রয়োজন হবে না। ড্র কিংবা হারলে কাগজ-কলম নিয়ে বসতে হবে। কারণ আজই বিকালে অনুষ্ঠিতব্য মুক্তিযোদ্ধা বনাম সকার ক্লাবের ম্যাচের বিষয়টিও উঠে আসবে হিসাবে। এই ম্যাচটি হয়ে গেলে আবাহনীর জন্য লক্ষ্য নির্ধারণ করাটা সহজ হবে। মুক্তিযোদ্ধা ও সকারের মধ্যে যে দল জিতবে চার পয়েন্ট নিয়ে সেই দল সেমিতে উঠবে। তবে যদি প্রথম ম্যাচ ড্র হয়; তাহলে আবাহনী ড্র করেও ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠার সুযোগ থাকবে।
এ মৌসুমের ইতিহাস অন্তত বলছে, কাজটা আবাহনীর জন্য খুবই কঠিন হবে। স্বাধীনতা কাপ ফুটবলের গ্রুপ পর্বে শেখ রাসেল আবাহনীকে ১-০ গোলে হারিয়েছিল। আর পেশাদার লিগের প্রথম পর্বে আবাহনী হেরেছিল ১-০ ব্যবধানে, দ্বিতীয় পর্বে ১-১ গোলে ড্র হয়।
পয়েন্ট টেবিল
গ্রুপ-এ
দল খেলা জয় ড্র হার গোল পয়েন্ট
শেখ রাসেল ২ ২ ০ ০ ৪/১ ৬
আবাহনী ২ ০ ২ ০ ২/২ ২
মুক্তিযোদ্ধা ২ ০ ১ ১ ১/২ ১
সকার ক্লাব ২ ০ ১ ১ ২/৪ ১
