নিজেদের ইতিহাসে এতো খারাপ মৌসুম আর কখনোই দেখেনি আবাহনী লিমিটেডের ফুটবল দল। শিরোপাবিহীন মৌসুমের শেষটা হল তাদের গতকাল সুপার কাপের গ্রুপপর্ব থেকে বিদায়ের ভেতর দিয়ে।
সুপার কাপ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী সেমিফাইনালে ওঠার কঠিন লক্ষ্যে খেলতে নেমে শেখ রাসেল ক্রীড়াচক্রের বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছে। এদিকে দিনের প্রথম ম্যাচে ফেনী সকার ক্লাবকে ২-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন শেখ রাসেলের সঙ্গী হিসেবে সেমিফাইনালে উঠে গেছে মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্র।
গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকালের ম্যাচে মুক্তিযোদ্ধা ২-০ গোলে হারায় ফেনী সকার ক্লাবকে। তারপরও কাগজে কলমে অন্তত নিশ্চিত ছিল না তাদের সেমিফাইনাল। অপেক্ষা করতে হচ্ছিল আবাহনী ও শেখ রাসেলের মধ্যে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচের ফলাফল জানার জন্য। কঠিন হলেও আবাহনীর সামনে একটা সমীকরণ ছিল। মুক্তিযোদ্ধা নিজের ম্যাচ জেতায় আবাহনীর লক্ষ্য ঠিক হয়—সেমিফাইনালে উঠতে হলে শেখ রাসেলকে বড় ব্যবধানে হারাতে হবে।
কিন্তু সেই কঠিন লড়াইয়ে জিততে ব্যর্থ হয় আবাহনী। বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেখ রাসেলের সাথে গোল শূন্য ড্র করে বিদায় নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। শেখ রাসেল আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল। তারপরও তারা আবাহনীকে এতটুকু ছাড় দেয়নি কাল। উত্তপ্ত এই ম্যাচের ৫২ মিনিটে শেখ রাসেলের মামুন মিয়া এবং আবাহনীর এনামুল লালকার্ড পেয়ে মাঠ ছাড়েন।
শেষ পর্যন্ত আবাহনীর পরাজয় নিশ্চিত করেছে মুক্তিযোদ্ধার উন্নয়ন।
এই মৌসুমটা আবাহনীর ইতিহাসে অন্যতম লজ্জাজনক এক অধ্যায়। এএফসি প্রেসিডেন্ট কাপ ফুটবল, পেশাদার লিগ, ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ ফুটবলসহ পাঁচটি আসরে চরমভাবে ব্যর্থ হয়েছে আবাহনী।
এখন হয়তো তাদের কর্মকর্তা-খেলোয়াড়রা হিসাব মেলাতে বসবেন, কেন এমন জঘন্য মৌসুম গেল। কিন্তু সমর্থকরা হিসাবের ধার ধারছেন না। যথারীতি আক্রমণাত্মক হয়ে প্রতিপক্ষ খেলোয়াড়; এমনকি সাংবাদিকদের ওপরও রাগ ঝাড়ার চেষ্টা করলেন গতকাল তারা।
আজকের খেলাঃ মোহামেডান-ব্রাদার্স, শেখ জামাল-বিজেএমসি (বঙ্গবন্ধু স্টেডিয়াম, ৬টা ও ৮টা)।
পয়েন্ট টেবিল
দল খেলা জয় ড্র হার গোল পয়েন্ট
শেখ রাসেল ৩ ২ ১ ০ ৪/১ ৭
মুক্তিযোদ্ধা ৩ ১ ১ ১ ৩/২ ৪
আবাহনী ৩ ০ ৩ ০ ২/২ ৩
সকার ক্লাব ৩ ০ ১ ২ ২/৬ ১
