নাইজেরিয়ার গোল উত্সব

আপডেট : ১৮ জুন ২০১৩, ২১:৪৮
নামডি ওডুয়ামাডির হ্যাটট্রিকে গত সোমবার বেলো হরিজোন্তেয় কনফেডারেশন্স কাপে নিজেদের উদ্বোধনী খেলায় নাইজেরিয়া দুর্বল দল তাহিতিকে ৬-১ গোলে হারিয়েছে। কনফেডারেশন্স কাপের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় না পেলেও গোল উত্সব করতে খুব একটা বেগ পেতে হল না এই আফ্রিকান দলটির। সুপার ঈগল খ্যাত নাইজেরিয়া ব্রাজিলে কনফেডারেশন্স কাপে নিজেদের উদ্বোধনী ম্যাচের ৩৬ ঘন্টা আগে এসে পৌঁছে। বোনাসের অর্থ সংক্রান্ত ঝামেলার জন্যই এই বিলম্ব। তবে মাঠে অসাধারণ আক্রমণের পসরা সাজিয়ে একের পর এক গোল আদায় করে নিয়েছে নেশন্স কাপ চ্যাম্পিয়নরা। বড় জয় তুলে নেয়ায় দলটি বিশ চ্যাম্পিয়ন স্পেনকে সরিয়ে গ্রুপ বি’র পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। সমান তিন পয়েন্ট অর্জন সত্ত্বেও স্পেন গোল ব্যবধানের জন্য দ্বিতীয় স্থানে রয়েছে। আন্তর্জাতিক ফুটবলের বড় আসরে তাহিতির অভিজ্ঞতা কম। বিশ্ব র্যাঙ্কিংকে দলটি ১৩৮তম স্থানে রয়েছে। কিন্তু জোনাথন তেহাউয়ের হেড থেকে আসা গোলে তারা বেশ আনন্দ পেয়েছে। আন্তর্জাতিক ফুটবলের বড় আসরে যে তেহাউয়ের এটাই প্রথম গোল। তেহাউয়ের গোলটি এসেছে দ্বিতীয়ার্ধের শুরুর দিকে। নাইজেরিয়া এ সময় ৩-১ গোলে এগিয়ে ছিল। নাইজেরিয়াকে এই ম্যাচে এগিয়ে দিয়েছিলেন পঞ্চম মিনিটে এলডারসন। দশম এবং ২৬ মিনিটে দ্বিতীয় ও তৃতীয় গোলটি করেন ওডুয়ামাডি। ৬৮ মিনিটে তেহাউ আত্মঘাতী গোল করলে নাইজেরিয়ার সাথে তাহিতির ব্যবধান আরো বেড়ে যায়। ৭৬ মিনিটে ওডুয়ামাডি হ্যাটট্রিক পূরণ করেন। এলডারসন দলের শেষ গোলটি করেন খেলা শেষের দশ মিনিট আগে। স্টিফেন কেসির দল নাইজেরিয়া আগামী বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে উরুগুয়ের। খেলাটি শেষে নাইজেরিয়ান কোচ কেসি স্বস্তি প্রকাশ করেন। কারণ ইনজুরির জন্য গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় এই টুর্নামেন্ট খেলতে আসতে পারেনি। ফরোয়ার্ড ভিক্টোর মোসেস, কালু উচে এবং ইমানুয়েল এমেনিকে চোটের জন্য দল থেকে ছিটকে পড়েন। আর সোমবারের খেলায় মিডফিল্ডার ওজেনি ওনাজি খেলতে পারেনি হাঁটুর সমস্যার জন্য। কেসি বলেন, ‘এখানে খেলোয়াড়দের আর কোন ইনজুরি হয়নি। আমরা ইতোমধ্যে চারজন খেলোয়াড় হারিয়েছি। আমি গতকাল (রবিবার) সকালে এসেছি। আমি শুধু খুশি হচ্ছি ইনজুরির মত বড় সমস্যার মুখোমুখি হতে হয়নি।’