ইংল্যান্ডের সেমিফাইনাল আগে থেকেই নিশ্চিত হয়েছিল। আর গত সোমবার শ্রীলঙ্কার কাছে অস্ট্রেলিয়ার পরাজয়ের ফলে ‘এ’ গ্রুপ সেরা হিসেবেই সেমিফাইনালে আজ মাঠে নামছে স্বাগতিকরা। ওভালের ম্যাচে আজ তাদের প্রতিপক্ষ ‘প্রাণোচ্ছ্বল’ দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের আগের ম্যাচে চোকার অপবাদ ঘুচানো দলটির আজ লক্ষ্য নিজেদের ধারাবাহিকতা ধরে রাখা।
টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল। ‘বি’ গ্রুপের শীর্ষে থাকা ভারত কার্ডিফে মোকাবিলা করবে শ্রীলঙ্কার। সেমিফাইনাল নির্ধারণী ম্যাচে গত সোমবার অস্ট্রেলিয়াকে ২০ রানে পরাজিত করে লঙ্কানরা। ম্যাচ সেরা হন মাহেলা জয়াবর্ধনে।
ধারাবাহিক পারফরম্যান্সের মধ্যে থাকলেও শিরোপা না পাওয়ার কষ্টে বেশ আগে থেকেই পুড়ছে দক্ষিণ আফিকানরা। শেষ ১৯৯৮ সালে ঢাকায় অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (আইসিসি নকআউট ট্রফি) প্রথম শিরোপা জেতাই তাদের এখন পর্যন্ত সবচে বড় শিরোপা। এরপরে কোন বড় আসরের সেমিফাইনালের পর আর এগোতে পারেনি প্রোটিয়ারা। তাই আজ মাঠের পারফরম্যান্সের সাথে সাথে ভাগ্যের সাথেও লড়াই করতে হবে।
আর নিজেদের প্রমাণের এ ম্যাচে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের দলে ইনজুরি কাটিয়ে খেলার ব্যাপারে অনেকটাই নিশ্চিত পেসার ডেইল স্টেইন। প্রথম দুটি ম্যাচে তিনি একাদশের বাইরে ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনজুরি কাটিয়ে ফিরে ৩৩ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট। কিন্তু একটি বল তার হাতে লাগায় তার সেমিফাইনালে অংশগ্রহণের রাস্তা অনেকটাই বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু মেঘ কাটতে শুরু করেছে। তাই সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী ছিলেন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স, ‘আগামীকালের (আজকের) ম্যাচে স্টেইনের খেলার বেশ বড় ধরনের সুযোগ আছে। তার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। এরপরেও আমরা কোন ঝুঁকি নিতে চাই না। আজকের (গতকাল) দিনটা দেখেই আমরা তাকে খেলানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।’
অন্যদিকে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে ১০ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড। এর আগের দুটি ম্যাচে ২৬৯ ও ২৯৩ রানের স্কোর গড়ে নিজেদের ব্যাটিং দাপটটা বেশ ভালভাবেই বুঝিয়ে দিয়েছে স্বাগতিকরা। দারুণ ফর্মে আছেন অধিনায়ক অ্যালিস্টার কুক, ইয়ান বেল, জোনাথন ট্রট, জো রুট ও রবি বোপারা। আর পরিচিত কন্ডিশনের সুবিধাটাও ইংলিশরাই পাবে। আর স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন ও টিম ব্রেসন্যানকে নিয়ে গড়া পেস আক্রমণটাও যথেষ্ট সমৃদ্ধ।
