নাদির শাহ কয়েক দিন আগেই বলেছিলেন, তিনি নিজের নিষেধাজ্ঞার বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করবেন। গতকাল সেই আবেদন করেছেন আম্পায়ার নাদির শাহ। তার এই আবেদন পেয়েছেন বলে স্বীকার করে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী বলেছেন, ‘আম্পায়ার নাদির শাহ তার সাজার বিরুদ্ধে একটি আবেদন করেছেন। ঠিক কি আবেদন করেছেন; সেটা আমি বলতে পারছি না। তবে একটি আবেদন আমরা পেয়েছি।’
ভারতীয় একটি টেলিভিশন চ্যানেলের গোপন ক্যামেরার সামনে ম্যাচ পাতাতে পারেন বলে স্বীকৃতি দিয়ে অভিযুক্ত হয়েছিলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও আন্তর্জাতিক আম্পায়ার নাদির শাহ। পরে তার বিপক্ষে অভিযোগ ক্ষতিয়ে দেখার জন্য গঠিত তদন্ত কমিটির সুপারিশে ও আইসিসির সম্মতিতে নাদির শাহকে ১০ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়।
এবার নাদির শাহর সেই শাস্তির বিরুদ্ধে আবেদন গ্রহণ করা হবে কি না সেটা বোর্ডই ঠিক করবে বলে জানালেন প্রধান নির্বাহী, ‘বোর্ড সভাতেই তার বিপক্ষে শাস্তির সিদ্ধান্ত হয়েছিল। এখন বোর্ড সভাতেই আমরা এই আবেদন উপস্থাপন করব। তারপর ঠিক হবে, আবেদন গ্রহণ করা হবে কি না।’
