জাপানের পর এশিয়া থেকে ব্রাজিল বিশ্বকাপ নিশ্চিত করলো অস্ট্রেলিয়া, ইরান ও দক্ষিণ কোরিয়া। বদলি খেলোয়াড় জোশ কেনেডির গোলে গতকাল মঙ্গলবার বিশ্বকাপ ২০১৪ বাছাইয়ে (এশিয়া অঞ্চল) অস্ট্রেলিয়া ১-০ ব্যবধানে ইরাককে হারিয়ে চতুর্থবারের মত বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। অন্যদিকে ইরান দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারালেও দু’দলই বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করলো।
প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও কিন্তু স্বাগতিকরা আনন্দে ভেসেছে কেনেডির ৮৩ মিনিটে করা অসাধারণ গোলে। কারণ এই গোলটিই অস্ট্রেলিয়াকে নিয়ে গেছে আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপে। গ্রুপ বি’র জাপান সবার আগে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। অস্ট্রেলিয়াও পৌঁছে গেল কাঙ্ক্ষিত লক্ষ্যে।
