বাছাইয়ে পঞ্চম স্থান পেলেন নাদাল

আপডেট : ১৯ জুন ২০১৩, ২১:৪২
তৃতীয়বারের মতো উইম্বল্ডন জিততে হলে কঠিন এক পথই পাড়ি দিতে হবে রাফায়েল নাদালকে। মাত্র সপ্তাহখানেক আগেই রেকর্ড অষ্টমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জেতা এই স্প্যানিয়ার্ড বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যামের বাছাইয়ে পঞ্চম স্থান পেয়েছেন। অর্থাত্ সবকিছু ঠিকঠাক থাকলে কোয়ার্টার ফাইনালেই তাকে হয়তো শীর্ষ বাছাইদের কোন একজনের মুখোমুখি হতে হবে। উইম্বল্ডন আয়োজক অল ইংল্যান্ড ক্লাব গতকাল বুধবার টুর্নামেন্টের বাছাই তালিকা প্রকাশ করে। হাঁটুর ইনজুরি কাটিয়ে সাত মাস পর গত ফেব্রুয়ারিতে কোর্টে ফেরার পর ফ্রেঞ্চ ওপেনের বাছাইতে তৃতীয় স্থান পেয়েছিলেন নাদাল। ফলে সেমিফাইনালেই তাকে র্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা নোভাক জোকোভিচের মুখোমুখি হতে হয়েছিল। এবার আরো দুই ধাপ পিছিয়ে নাদাল পাচ্ছেন পঞ্চম স্থান। ফলে কোয়ার্টার ফাইনালেই নোভাক জোকোভিচ বা রজার ফেদেরারদের বিরুদ্ধে তাকে কোর্টে নামতে হতে পারে। গতকালের ঘোষিত বাছাই তালিকায় পুরুষ এককের শীর্ষ তিনটি স্থানে আছেন যথাক্রমে জোকোভিচ, অ্যান্ডি মারে এবং ফেদেরার। গত বছর এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে খেলার সুবাদে নাদালকে টপকে চার নম্বর স্থানটি পেয়েছেন ডেভিড ফেরার। যেখানে অখ্যাত লুকাস রোসেলের কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন নাদাল। অন্য তিনটি গ্র্যান্ড স্ল্যামের বাছাই নির্ধারণের ক্ষেত্রে এটিপির র্যাঙ্কিং অনুসরণ করা হলেও উইম্বল্ডনের ক্ষেত্রে নিয়মটি কিছুটা আলাদা। কারণ, বাকি তিনটি টুর্নামেন্ট যেখানে আয়োজন করে ঐ দেশের ফেডারেশন সেখানে উইম্বল্ডনের আয়োজক অল ইংল্যান্ড ক্লাব। তাই নিজেদের প্রবর্তিত একটি নিয়মের মাধ্যমেই ২০০১ সাল থেকে পুরুষ এককের বাছাই নির্ধারণ করে আসছে তারা। যেখানে ঘাসের কোর্টে খেলোয়াড়দের সর্বশেষ বছরের পারফরম্যান্সের পাশাপাশি সর্বশেষ আসরের ফলাফলও মূল্যায়ন করা হয়। ঘাসের কোর্টে মাত্রই একটি শিরোপা জেতা মারে এ বিচারেই শিরোপাধারী ফেদেরারকে টপকে দুই নম্বর স্থানে চলে গেছেন। একই কারণে নাদাল পেয়েছেন পঞ্চম বাছাই। অন্যদিকে মহিলা এককের শীর্ষ তিন বাছাই নির্বাচিত হয়েছেন যথাক্রমে সেরেনা উইলিয়ামস, ভিক্টোরিয়া আজারেঙ্কা এবং মারিয়া শারাপোভা। উইম্বলডন থেকে নাম প্রত্যাহার করে নিলেন ভেনাস পিঠের ইনজুরির কারণে উইম্বলডন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন পাঁচবারের চ্যাম্পিয়ন ভেনাস উইলিয়ামস। গত মাসে রোলা গ্যাঁরোতে প্রথম রাউন্ডে পোল্যান্ডের উরজুলা রাদাওয়ানাস্কার কাছে পরাজিত হয়ে ১২ বছরের মধ্যে ফ্রেঞ্চ ওপেনের সবচেয়ে হতাশার জন্ম দিয়েছিলেন ভেনাস। আর ঐ টুর্নামেন্টেই পিঠের ইনজুরির কারণে ছোট বোন সেরেনার সাথে ডাবলসে অংশ নিতে পারেননি ৩৩ বছর বয়সী সাতটি গ্র্যান্ড স্ল্যামের অধিকারী যুক্তরাষ্ট্রের এই তারকা। সামাজিক ওয়েবসাইট ফেসবুকে ভেনাস এ সম্পর্কে বলেছেন, ‘দুর্ভাগ্যবশত আমি এই বছরের উইম্বলডনে অংশ নিতে পারছি না। সত্যিই আমার জন্য ব্যাপারটা বেশ হতাশার। কারণ উইম্বলডনে খেলাটা আমি সবসময়ই উপভোগ করি। ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে হলে আমাকে কিছুদিনের বিশ্রামে থাকতে হবে। যত দ্রুত সম্ভব কোর্টে ফিরে আসার ব্যাপারে আমি আশাবাদী। আগামী ৮ জুলাই থেকে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য মাইলান ওয়ার্ল্ড টিম টেনিসের দিকেই এখন আমার লক্ষ্য। ভালবাসা এবং সমর্থনের জন্য আমি আমার ভক্তদের অনেক অনেক ধন্যবাদ জানাই। খুব শিগগিরই কোর্টে ফিরে আবার তাদের সাথে দেখা হবে।’ ২০০৮ সালে ভেনাস সর্বশেষ উইম্বলডনের শিরোপা জিতেছিলেন।-বাসস