আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

ভারতকে সমীহ করছেন জয়াবর্ধনে

আপডেট : ১৯ জুন ২০১৩, ২১:৪২
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে দুর্দান্ত ফর্মে থাকা ভারতের বিরুদ্ধে আজ মাঠে নামছে শ্রীলঙ্কা। তবে বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে লড়াইটা যে মোটেই সহজ হবে না সেটা ভালোভাবেই বুঝতে পারছেন লঙ্কান দলপতি মাহেলা জয়াবর্ধনে। ফাইনালের ওঠার লড়াইয়ের আগে টুর্নামেন্টে এখনো পর্যন্ত সবচেয়ে ধারাবাহিক দলটির প্রতি তাই শ্রদ্ধাই ঝরলো জয়াবর্ধনের কণ্ঠে। আজকের ম্যাচে মাঠে নামার আগে মুম্বাইয়ে ভারতের বিরুদ্ধে গত বিশ্বকাপের ফাইনালের কথা একটি বারের জন্য হলেও মনে পড়বে জয়াবর্ধনের। কারণ, বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরি করেও পরাজিত দলে থাকার একমাত্র ‘অপ্রত্যাশিত নজিরটি’ ঐ ম্যাচেই গড়েছিলেন তিনি। জয়াবর্ধনের দুর্দান্ত সেই সেঞ্চুরিটি ম্লান হয়ে যায় মহেন্দ্র সিং ধোনির অপরাজিত ৯১ রানের অসাধারণ এক ইনিংসে। বিশ্বকাপ ফাইনালের মতো না হলেও গুরুত্বের বিচারে আজকের ম্যাচটিও থাকবে উপরের দিকেই। ইংল্যান্ড এবং পাকিস্তানের বিরুদ্ধে টানা ওয়ানডে সিরিজ হারের হতাশা কাটিয়ে উঠতে ভারতের জন্য এই টুর্নামেন্টের চেয়ে ভাল কোন উপলক্ষ্য পাওয়া কঠিন। অন্যদিকে টানা দু’টি বিশ্বকাপের ফাইনাল থেকে খালি হাতে ফেরা শ্রীলঙ্কার জন্য এটি প্রতিশোধের মিশনও বটে। কারণ, সর্বশেষ তাদের জয়বঞ্চিত করেছে ধোনির দলই। তবে লঙ্কানদের জন্য সেটা সহজ হবে না মোটেই। কারণ, এই টুর্নামেন্টে ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে অন্য যে কোন দলের চেয়ে যোজন ব্যবধানে এগিয়ে আছে ভারত। দলের ব্যাটসম্যানদের প্রায় সবাই আছেন দারুণ ফর্মে। চিরন্তন দুর্বলতার স্থান ফিল্ডিংয়েও তাদের উন্নতি তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। দিন দুয়েক আগে ধোনি তো বলেই ফেললেন, এই মুহূর্তে বিশ্বের সেরা ফিল্ডিংয়ে তারাই সেরা। আজকের সেমিতে ভারতকে প্রেরণা যোগাতে পারে আরো একটি তথ্য। ইংল্যান্ডের মাটিতে লঙ্কানদের বিরুদ্ধে সর্বশেষ ম্যাচটি তারা হেরেছে সেই ’৭৯ বিশ্বকাপে। এই টুর্নামেন্টের প্রস্তুতি ম্যাচেও লঙ্কানদের দেয়া রানের পাহাড় তারা টপকে গেছে সহজেই। ভারতকে এগিয়ে রাখছেন জয়াবর্ধনেও। টুর্নামেন্টে ভারতের ফর্মের দিকে উল্লেখ করে তিনি বলেন, ‘আমার মনে হয় তারা দুর্দান্ত একটা সময় কাটাচ্ছে। তাদের ব্যাটিং অর্ডারও দারুণ ফর্মে আছে। আমার মনে হয় এই দিকটাতে আমাদের নজর দেয়া উচিত।’ ম্যাচে জয়াবর্ধনকে বিশেষ দৃষ্টি দিতে হবে তরুণ ওপেনার শিখর ধাওয়ানের দিকেও। দু’টি সেঞ্চুরিসহ টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ধাওয়ানকে আটকাতে হয়তো জয়াবর্ধনে তাকিয়ে থাকবেন ইয়র্কার স্পেশালিস্ট লাসিথ মালিঙ্গার দিকে। ভারতের শক্তির জায়গা যদি হয় ব্যাটিং সেখানে শ্রীলঙ্কার ভরসা মালিঙ্গার নেতৃত্বাধীন পেস আক্রমণ। সঙ্গে জয়াবর্ধনে আস্থা রাখছেন কুমার সাঙ্গাকারা, দিলশান, চান্দিমালদের ব্যাটের উপরেও। কয়েক ম্যাচের রান খরার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বশেষ গ্রুপ ম্যাচে রান পেয়েছেন জয়াবর্ধনে নিজেও। তবে সবকিছুর উপরে খেলোয়াড়দের আত্মনিবেদনকেই দলটির সবচেয়ে শক্তিশালী দিক মনে করছেন তিনি। গত ম্যাচেই অষ্টম ব্যাটসম্যান হিসেবে ১১০০০ হাজার ওয়ানডে রানের মাইলফলক স্পর্শ করা জয়াবর্ধনে বলেন,‘ আমরা নিজেদের উজাড় করে দিয়ে খেলছি। খেলাটার প্রতি আমাদের নিবেদনও দারুণ। আগেও এটাই আমাদের মূল শক্তি ছিল। আশা করি, ভবিষ্যতেও তাই থাকবে।’