একটা ফোনে নাফীস ইকবাল কথা বলছেন, এর মধ্যে আরেকটা ফোন বেজে উঠল। একটাতে সাংবাদিক সামলাচ্ছেন, আরেকটাতে কোনো এক অতিথিকে বাসার পথ চেনাচ্ছেন। এর মধ্যে বাইরে থেকে কে আবার ডাকছে অন্য কিছু ব্যাপারে সিদ্ধান্ত দেয়ার জন্য।
এই চিত্রটুকুই নাফীস ইকবালের ব্যস্ততা বোঝানোর জন্য যথেষ্ট। নাফীস হাসলেন; ক্লান্ত হাসি হেসে বললেন, ‘সত্যিই মারাত্মক ব্যস্ততার মধ্যে আছি। শুধু আমি নই, বাসার সবার এই এক অবস্থা। বাড়ির ছোট ছেলের বিয়ে বলে কথা!’
হ্যা, চট্টগ্রামের বিখ্যাত খান পরিবারের ছোট ছেলের বিয়ে উপলক্ষে বাড়ির প্রতিটি মানুষ এখন দারুণ ব্যস্ততায় সময় কাটাচ্ছেন। সব বিয়ে বাড়িতেই এমন হয়। কিন্তু এই বিয়ে বাড়িতে ব্যস্ততা আর আয়োজনের তোড়জোড় একটু বেশিই। কারণ বিয়ের পিড়িতে বসতে যাওয়া সেই ‘ছোট ছেলেটি’র নাম যে তামিম ইকবাল!
বিশ্ব কাঁপানো ব্যাটসম্যান, বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল সারা দুনিয়ার কাছে হয়তো অনেক বড় তারকা। কিন্তু চট্টগ্রামের খান পরিবারে তার পরিচয় একটাই—আদরের ছোট ছেলে।
পরিবার থেকে তামিম ইকবালসহ তিন তিন জন টেস্ট ক্রিকেটার বেরিয়েছেন। এর মধ্যে তামিম ইকবালের চাচা আকরাম খান বাংলাদেশের কিংবদন্তিতুল্য সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক। তামিমের বড় ভাই নাফীস ইকবাল নিজে অমিত প্রতিভাধর ব্যাটসম্যান, দেশের হয়ে টেস্ট সেঞ্চুরিও করেছেন। তামিমের বাবা ইকবাল খান ছিলেন বাংলাদেশের শীর্ষস্থানীয় ফুটবলার ও ক্রীড়া সংগঠক। এই পরিবারটিকে এমন ক্রীড়া পরিবারে পরিণত করার জন্য প্রয়াত ইকবাল খানকেই সবচেয়ে বেশি কৃতিত্ব দেয়া হয়।
তামিমের আরও তিন চাচা আজম খান, আফজল খান ও আকবর খান ঢাকা ও চট্টগ্রামে দাপটের সঙ্গে ক্রিকেট খেলেছেন। তামিমের মাও চট্টগ্রামের নামকরা ক্রীড়া সংগঠক। সবমিলিয়ে ক্রীড়াময়, তারকাময় এমন পরিবারের সবচেয়ে ছোট ছেলেটির বিয়েতে সবাই মেতে উঠবে; এ আর অবাক কী!
আর একদিন পরই তামিম ইকবাল সবাইকে মাতিয়ে তোলা এই বিয়েতে জীবনসঙ্গী করে নেবেন দীর্ঘদিনের প্রেমিকা আয়েশা সিদ্দিকাকে। ২২ জুন শনিবার রাত ৮টায় চিটাগাং ক্লাবের টেনিস কমপ্লেক্স মাঠে এই বিয়ে উপলক্ষে আয়োজন করা হয়েছে বর্ণিল অনুষ্ঠান।
চট্টগ্রাম শহরের নামকরা ব্যবসায়ী মোহাম্মদ ইয়াসিন ও মমতাজ বেগমের কনিষ্ঠ কন্যা আয়েশা সিদ্দিকাকে বরণ করতে সম্পূর্ণ প্রস্তুত বন্দর নগরীর কাজির দেউড়ি এলাকার খান পরিবার। তামিম ইকবালের পরিবারের পক্ষ থেকে বিয়ের দাওয়াত দেয়া হয়েছে প্রায় ৬ হাজার অতিথিকে। খ্যাতনামা ক্রিকেটারের বিয়ে উপলক্ষে শুভাকাঙ্ক্ষীদের আগ্রহ থাকবে তাতে সন্দেহ নেই। তাই বিয়ের অনুষ্ঠানে যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতা চাওয়া হয়েছে। বিয়ের অনুষ্ঠান তো একদিন পরের কথা, গত কয়েক দিন ধরেই আসলে উত্সবে মেতে উঠছে কাজির দেউড়ির খান বাড়ি। পাঁচ তলা বাড়িটিকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। বিয়ে উপলক্ষে তিন দিনের আয়োজন চলবে আজ থেকে।
প্রথম দিনে আজ বৃহস্পতিবার থাকছে ইছালে ছোয়াব মাহফিল। তামিম ইকবালের দাদা সৈয়দ হোসাইন খান, দাদী হাজেরা খাতুন, বাবা মোহাম্মদ ইকবাল খান, চাচা কামাল খান ও চাচী জিনাত সুলতানা লাভলীর রূহের মাগফেরাত কামনার্থে ইছালে ছোয়াব মাহফিল শেষে জেয়াফতে আপ্যায়িত করা হবে গরীব মিসকিনদের। অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনে থাকছে মেহেদী অনুষ্ঠান। চিটাগাং ক্লাব চত্বরে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিতব্য মেহেদী অনুষ্ঠানে বসবে কাওয়ালী গানের আসর। ভারতের বোম্বে শহর থেকে নামি-দামি কাওয়ালীদের আনার চেষ্টা চলছে এমন তথ্য দিলেন তামিম ইকবালের মাতা চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদিকা বেগম নুসরাত ইকবাল। এ ছাড়া ভারতীয় বলিউড ইন্ডাস্ট্রির কয়েক জন নামি তারকাও গান পরিবেশন করবেন বলে শোনা যাচ্ছে।
আর এরপর দিন তো বিয়ে। এরপর ২৭ তারিখ ঢাকায় সাড়ম্বরে হবে বৌভাত অনুষ্ঠান। তাই বলা যায়, সপ্তাহ খানেক ধরে চলবে খান বাড়ির ছোট ছেলে, দেশের মানুষের তারকা তামিম ইকবালের বিয়ের ধুমধাম। সেটাই তো হওয়ার কথা!
