এক নজরে
গ্রুপ ‘বি’
স্পেন-তাহিতি
নাইজেরিয়া-উরুগুয়ে
দুর্বল দল তাহিতিকেও হালকা করে দেখছে না স্পেন। এমনটাই জানালেন দলের ফরোয়ার্ড পেদ্রো রড্রিগেজ। মারাকানা স্টেডিয়ামে কনফেডারেশন্স কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে টুর্নামেন্টের অন্যতম ফেভারিটরা তাহিতির মোকাবেলা করার আগে তাই সতর্কই থাকছে। অন্যদিকে ‘বি’ গ্রুপের অপর ম্যাচে সালভাদোরের অ্যারেনা ফন্টে নোভা স্টেডিয়ামে উরুগুয়ের মুখোমুখি হবে নাইজেরিয়া। বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের কাছে হার দিয়ে যাত্রা শুরু করায় এই ম্যাচটি উরুগুয়ের জন্য মহাগুরুত্বপূর্ণ। অধিনায়ক ডিয়েগো লুগানো ম্যাচটির গুরুত্ব বুঝেই একে নিজেদের ‘ফাইনাল’ বলে দিলেন।
প্রথম ম্যাচে নাইজেরিয়া তাহিতিকে ৬-১ গোলে উড়িয়ে দেয়। অন্যদিকে বিশ্বকাপ এবং ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ী স্পেন উরুগুয়েকে হারায় ২-১ গোলে। গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে সমান তিন পয়েন্ট নিয়েও টেবিলে স্পেনের আগে অবস্থান করছে নাইজেরিয়া। আজকের ম্যাচ দুটিতে স্পেন ও নাইজেরিয়া জিতলেই দুটি দলই নিশ্চিত করে ফেলবে টুর্নামেন্টের সেমিফাইনাল।
চলতি মৌসুমে জাতীয় দলের হয়ে ১১ গোল করা পেদ্রো তাহিতির প্রসঙ্গ টেনে বলেন, ‘আমরা পরিষ্কারভাবে ফেভারিট। কিন্তু মাঠে নামার সময় আমাদের সবকিছু ভুলেই খেলতে হবে। তাই তাহিতিকে হালকাভাবে নেয়ার কোন সুযোগ নেই।’
নাইজেরিয়া ও উরুগুয়ের প্রথম ম্যাচের ফলাফল একদমই মিল নেই। নাইজেরিয়া বিশাল জয় পেয়েছে; অপরদিকে স্পেনের কাছে পরাজিত হয়েছে উরুগুয়ে। তাই বলে নাইজেরিয়ার আবার ফুরফুরে মেজাজে থাকার অবকাশ নেই। কারণ উরুগুয়েকে রুখে দিতে না পারলে বিপাকে পড়তে হবে তাদের। কারণ গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচটি তাদের শক্তিশালী স্পেনের সাথে। ফলে দুটি দলই ভাল করে জানে হার মানেই কনফেডারেশন্স কাপের যাত্রা থেমে যাওয়ার উপক্রম হবে। কিন্তু উরুগুয়ে আফ্রিকান নেশন্স কাপ জয়ীদের হারিয়ে দিলে সেমিফাইনালের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠবে, কারণ গ্রুপের শেষ ম্যাচটি তাদের তাহিতির সাথে। আবার ড্র করলেও সম্ভাবনা রয়েছে। স্ট্রাইকার ডিয়েগো ফোরলান নাইজেরিয়ার ম্যাচ সম্পর্কে বলেন, ‘স্পেনের কাছে হারটা ছিল স্বাভাবিক। আমরা অবশ্যই ঐ ম্যাচটি ভুলে যেতে চাইবো এবং নিজেদের তৈরি করব নাইজেরিয়ার সাথে খেলার জন্য। ব্রাজিলে আসার আগেই আমরা জানতাম আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি নাইজেরিয়ার সাথেই হবে। আর স্পেনের কাছে হেরে যাওয়ায় এখন আমাদের আগের পরিকল্পনাতেই থাকতে হচ্ছে।’
