‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে শেখ রাসেল ক্রীড়াচক্র এবং ‘বি’ গ্রুপ রানার্সআপ ব্রাদার্স সেমিফাইনালে উঠেছে। দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল শনিবার সন্ধ্যা ছয়টায় ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মোহামেডান এবং ‘এ’ গ্রুপ রানার্সআপ মুক্তিযোদ্ধা মুখোমুখি হবে।
শেখ রাসেল ক্রীড়াচক্র এবং ব্রাদার্স ইউনিয়ন। কাগজে-কলমে দুই দলের বিরাট পার্থক্য। শেখ রাসেলের আছে হাফ ডজনেরও বেশি জাতীয় দলের ফুটবলার, যারা জাতীয় দলের সেরা একাদশেই খেলে থাকেন। চলতি মৌসুমে শেখ রাসেলের সাফল্যও সব চোখ ধাঁধানো। বিপরীতে ব্রাদার্সের জার্সি গায়ে এখন একঝাঁক তরুণ, নবীন ফুটবলার। এর অনেকেই একেবারে তরুণ, অনভিজ্ঞ; অনেকেরই বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠে খুব বেশি ম্যাচ খেলারও অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতার এই বিশাল পার্থক্য নিয়েই আজ সন্ধ্যা ছয়টায় সুপার কাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে ব্রাদার্স মুখোমুখি হবে শেখ রাসেল ক্রীড়াচক্রের।
বিদেশি ফুটবলার ছাড়াই এবার সুপার কাপ ফুটবলে জমজমাট লড়াই হয়েছে। দেশি ফুটবলার নিয়ে যে কোনো দল চমক দিতে পারে তারই প্রমাণ হয়েছে সুপার এই তৃতীয় আসরে। সেই চমকটাই সবচেয়ে বেশি করে দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। চলতি মৌসুমে সবগুলো ফুটবল শিরোপাই শেখ রাসেলের দখলে। তাই তাদের সেমিফাইনালে আসায় বিস্ময়ের কিছু নেই। কিন্তু একেবারে তরুণ দল নিয়ে বিস্ময়টা উপহার দিয়েছে সেমিতে আসা ব্রাদার্স।
সুপার কাপের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী এবার গ্রুপের তিন নম্বর স্থানে থেকে শেষ করেছে। পেশাদার লীগ রানার্সআপ শেখ জামাল এবং নিজেদের প্রথম সুপার কাপ খেলতে আসা বিজেএমসিও গ্রুপ থেকে বিদায় নিয়েছে চার দলের মধ্যে চতুর্থ হয়ে এক পয়েন্ট করে নিয়ে। সেমিতে উঠেছে পেশাদার লিগের ছয় নম্বর দল মুক্তিযোদ্ধা এবং আট নম্বর দল ব্রাদার্স।
ব্রাদার্সের জন্য যতই চমকের টুর্নামেন্ট হোক না কেন, কাগজে-কলমে অন্তত শেখ রাসেল আজ দারুণ ফেভারিট হিসেবেই মাঠে নামবে। চলতি মৌসুমে পেশাদার লিগ, ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ জিতেছে শেখ রাসেল। আর ব্রাদার্স পেশাদার লিগে রেলিগেশন ঠেকিয়েছে মাত্র।
শেখ রাসেলের সামনে চার নম্বর শিরোপা জয়ের স্বপ্ন। ব্রাদার্সের প্রথম লক্ষ্যই ছিল সেমিতে উঠা। সেটা পূরণ হয়েছে। এখন তারা চাইছে ফাইনালে উঠতে। ব্রাদার্সের তরুণ কোচ মহিদুর রহমান মিরাজের কণ্ঠে সাহসী উচ্চারণ। তিনি নাকি টুর্নামেন্টের শুরুতেই ভেবে রেখেছেন সেমিফাইনালে উঠলে প্রতিপক্ষ চাইবেন শেখ রাসেলকে। কিন্তু কেন? তার নাকি শেখ রাসেলকে টপকে যাওয়ার কৌশল জানা রয়েছে। কি সেটা তা প্রকাশ করনেনি মিরাজ, ‘রাসেলের আলাদা পরিকল্পনা আছে। আমার তো হারানোর কিছু নেই। মানছি শেখ রাসেল সব পজিশনে সেরা।’
মিরাজের পরিকল্পনা যাই হোক না কেন, আকারে-ইঙ্গিতে তিনি শেখ রাসেলকে চ্যালেঞ্জ জানিয়েছেন। তার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এই মৌসুমের সফল কোচ, বুয়েটে কর্মরত শেখ রাসেলের কোচ মারুফুল হক। মিরাজের চ্যালেঞ্জের জবাবে মারুফ বলেন, ‘ফুটবলে তো যে কোনো কিছু ঘটতে পারে। উনি হয় তো এজন্য বলেছেন।’ কোচ হিসেবে যেমন কৌশলী, কথায়ও খুব কৌশলী মারুফ। তাই তিনি পাল্টা চ্যালেঞ্জ না করে ব্রাদার্সকে সমীহ করেই কথা বলেছেন। তবে শেষ পর্যন্ত তিনি যে ফাইনালে চোখ দিয়ে ফেলেছেন সেটাই জানাতে ভুল করেননি, ‘ওরা যোগ্য দল। খেলোয়াড়রা তরুণ, টেলেন্ট এবং পরিশ্রমী। ব্রাদার্স যে কথাই বলুক আমরা চোখ রেখেছি ফাইনালে।’
খেলোয়াড়রা ভালো খেলবে এই প্রত্যাশা দুই দলের। তবে বৃষ্টিভেজা মাঠ নিয়ে আশংকা আছে তাদের। ব্রাদার্স কোচ মিরাজ আশংকা করছেন বৃষ্টি হলে কাদা মাঠে তার দল ভালো খেলতে পারবে না। এজন্য বলছেন, ‘শর্ত একটাই মাঠ ভালো হতে হবে। কারণ আমার ছেলেরা দারুণ ফর্মে আছে। তাদেরকে ভালো মাঠ দেয়া হলে ম্যাচটা আমাদের হাতে উঠে আসবে।’
শেখ রাসেল গ্রুপ ম্যাচে ২-০ গোলে সকার ক্লাবকে, ২-১ গোলে মুক্তিযোদ্ধাকে হারায় এবং আবাহনীর সাথে গোলশূন্য ড্র হয়। ব্রাদার্স প্রথম ম্যাচেই লিগ রানার্সআপ শেখ জামালের সাথে ১-১ গোলে ড্র, ২-১ গোলে বিজেএমসিকে হারায় এবং শেষ ম্যাচে মোহামেডানের সাথে গোলশূন্য ড্র করে।
‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে শেখ রাসেল ক্রীড়াচক্র এবং ‘বি’ গ্রুপ রানার্সআপ ব্রাদার্স সেমিফাইনালে উঠেছে। দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল শনিবার সন্ধ্যা ছয়টায় ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মোহামেডান এবং ‘এ’ গ্রুপ রানার্সআপ মুক্তিযোদ্ধা মুখোমুখি হবে।
আজকের ও আগামীকালকের দুইটি সেমিফাইনালই বাংলাদেশ টেলিভিশন সরাসরি সমপ্রচার করবে।
