আদালতে যেতে হচ্ছে মেসিকে

আপডেট : ২০ জুন ২০১৩, ২১:৪৪
কর ফাঁকির অভিযোগে শেষ পর্যন্ত আদালতে যেতেই হচ্ছে লিওনেল মেসিকে। আর্জেন্টাইন সুপারস্টার এবং তার বাবাকে আগামী ২৭ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে বার্সেলোনার একটি আদালত। উল্লেখ্য, এই দু’ জনের বিরুদ্ধে প্রায় চল্লিশ লাখ পাউন্ড কর জালিয়াতির অভিযোগ এনেছে স্প্যানিশ কর বিভাগ। শান্ত, সুবোধ আর দারুণ বিনয়ী খেলোয়াড়টির পায়ের জাদুতে মুগ্ধ গোটা ফুটবল বিশ্ব। কিন্তু সপ্তাহ দু’য়েক আগে কাতালান কর বিভাগ যখন অভিযোগ করলো প্রতিপক্ষ ডিফেন্ডারের মতো মেসি কর বিভাগকেও নিয়মিতই ফাঁকি দিয়েছেন তখন চমকে উঠেছিলেন অনেকেই। প্রথমে এই বিষয়ে কিছু বলতে না চাইলেও পরবর্তীতে জোর গলায়ই অভিযোগ অস্বীকার করেছেন চারবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়টি। তিনি সত্য নাকি মিথ্যা বলছেন সেটা জানা যাবে অভিযোগ তদন্তের পরেই। তবে এ পর্যায়ে অবশ্য শুধুই প্রশ্ন জিজ্ঞাসার মুখোমুখি হতে হচ্ছে পিতা-পুত্রকে। এর আগে দেশটির একজন সরকারি কৌঁসুলি এই দু’ জনকে জেরা করতে আদালতের অনুমতি প্রার্থনা করেন। তার আবেদনের প্রেক্ষিতেই বার্সেলোনার নিকটবর্তী জাভা শহরের একটি আদালত আগামী ১৭ সেপ্টেম্বর জেরার দিন ধার্য করেন । কৌঁসুলি র্যাকুয়েল অ্যামাদো গত ১২ জুন আদালতে অভিযোগ করেন, মেসি এবং তার বাবা জর্জ হোরাসিও সঠিক পরিমাণে কর পরিশোধ করছেন না। অভিযোগে আরো উল্লেখ করা হয়, গত ২০০৭, ’০৮ এবং ’০৯ সালে মেসির ছবি স্বত্ব বাবদ আয় করা টাকার নির্দিষ্ট অংশ কর বিভাগে জমা দেননি তারা। এই অভিযোগ অস্বীকার করে নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে মেসি এ মাসের প্রথমদিকে জানান, ‘একটু আগে সংবাদ মাধ্যম থেকে জানলাম স্প্যানিশ কর বিভাগ আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে। সত্যি বলতে কি খবরটি শুনে আমরা বিস্মিতই হয়েছি। কারণ এধরনের কোন কিছু আমরা কখনোই করিনি।’ কর পরিশোধের ব্যাপারে নিজেকে খুবই সতর্ক দাবি করে আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক আরো বলেন, ‘কর পরিশোধের বিধি-বিধানগুলো আমরা কঠোরভাবে মেনে চলি। আমাদের কর উপদেষ্টাদের পরামর্শও আমরা মেনে চলি। আর এই পরিস্থিতিতে সেই সবকিছু ব্যাখ্যা করবে।’ তবে এই বিপদেও নিজের ক্লাব বার্সেলোনাকে পাশে পাচ্ছেন মেসি। যাই হোক না কেন কাতালানরা শেষ পর্যন্ত তার পাশে থাকবে বলে এরই মধ্যে জানিয়ে দিয়েছেন বার্সেলোনার প্রেসিডেন্ট।