ইংল্যান্ডের সাবেক ফুটবল তারকা ডেভিড বেকহামকে দেখতে গিয়ে চীনের সাংহাইয়ে আহত হয়েছেন পাঁচ ভক্ত। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে জানায় সেখানকার গণমাধ্যম। ঘরোয়া ফুটবলকে নতুন করে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার জন্য চাইনিজ সুপার লিগের অ্যাম্বাসেডর হিসাবে সোমবার থেকে চীন সফর শুরু করেন বেকহাম। সমপ্রতি ফুটবল থেকে অবসর নেয়া এই ইংলিশ তারকা সফরের শুরুতেই শিশুদের একটি দাতব্যালয় পরিদর্শন করে নিজের ফুটবল জার্সি উপহারও দেন। তবে বৃহস্পতিবার ঘটলো অনাকাঙ্ক্ষিত ঘটনা। সাংহাইয়ের টংজি ইউনিভার্সিটি পরিদর্শন করেন বেকহাম। এরপর ইউনিভার্সিটির খেলার মাঠে স্থানীয় ভক্তদের সামনে হাজির হন তিনি। ঐ সময় তাকে দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েন ভক্তরা। তাড়াহুড়া করে মাঠে প্রবেশ করতে গিয়ে আহত হন পাঁচজন। স্থানীয় একটি পত্রিকা জানায়, ‘একই সময় খুলে দেয়া হয় গেট। এরপর বেকহামকে দেখার জন্য প্রায় শতাধিক মানুষ তাড়াহুড়া করে ভেতরে প্রবেশ করার জন্য উন্মুখ হয়ে পড়ে। আর তা করতে গিয়ে পাঁচজন আহতও হয়।’
