পদত্যাগের সিদ্ধান্ত ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রীর

আপডেট : ২১ জুন ২০১৩, ২১:০৩
বিতর্কের মুখে ক্ষমতা নেয়ার পনেরোদিনের মাথায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী রামি হামদাল্লা। বৃহস্পতিবার তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে তার পদত্যাগপত্র দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এক কর্মকর্তা। তিনি রয়টার্সকে বলেন, আব্বাস এই পদত্যাগপত্র গ্রহণ করবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। প্রধানমন্ত্রী হওয়ার পর হামদাল্লা মাত্র একবার মন্ত্রিসভার বৈঠক করেছেন। কিন্তু তার সরকারের বড় কলেবরের মন্ত্রিসভা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তোলায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। হামদাল্লার পূর্বসূরী সালাম ফায়েদও ছয়বছর ক্ষমতায় থাকার পর অর্থনৈতিক ঝুঁকি ও ফাতাহ পার্টির কয়েকজন নেতার সঙ্গে বিরোধের জের ধরে পদত্যাগ করেন। জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পাওয়া মধ্যপ্রাচ্যের ও দেশটিতে ২০০৭ সালে ক্ষমতার ভাগাভাগি নিয়ে ধর্মনিরপেক্ষ ফাতাহ ও ইসলামপন্থি দল হামাসের মধ্যে তুমুল লড়াই হয়। তারপর সেখানে কোনো কার্যকর পার্লামেন্ট কিংবা জাতীয় নির্বাচন হয়নি। প্রেসিডেন্ট আব্বাস ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে সরকার গঠন করে শাসন করে যাচ্ছেন। আর ২০০৬ সালের নির্বাচনে জয়লাভের পর হামাসের নিয়ন্ত্রণে রয়েছে গাজা অঞ্চল।