পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে এসিড সন্ত্রাসের শিকার হয়েছেন এক অভিনেত্রী। তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। তার আত্মীয়-স্বজন ও পুলিশ জানায়, ইসলামাবাদের ১৪৮ কি. মি. উত্তর-পশ্চিমে নওশেরা শহরে নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অভিনেত্রী বুশরার ওপর এসিড ছুঁড়ে পালিয়ে যায় এক দুর্বৃত্ত। চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ নাটকে অভিনয়ের জন্য ১৮ বছর বয়সী বুশরা বেশ জনপ্রিয়। বুশরার ভাই পারভেজ খান বলেন, শনিবার ভোরে এক ব্যক্তি দেয়াল টপকে ঘরের ভিতর ঘুমিয়ে থাকা বুশরার ওপর এসিড ছুঁড়ে পালিয়ে যায়। ঘটনার পর বুশরাকে দ্রুত পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে নেয়া হয়। ডা. সুহাইল আহম্মেদ জানান, তার মুখ ও কাঁধের ৩৩ শতাংশ পুড়ে গেছে।
