ঢাবিতে এক ছাত্রকে পেটালো ছাত্রলীগ

আপডেট : ২২ জুন ২০১৩, ২১:৫৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে পিটিয়েছে ছাত্রলীগের কর্মীরা। গতকাল শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে এ ঘটনা ঘটেছে। আহত শাকিল বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চতুর্থ বর্ষের এবং স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের শ্রাবণ বাসে ছাত্রলীগ কর্মী নাছিমের সঙ্গে শাকিলের কথা কাটাকাটি হয়। পরে শ্রাবণ বাসটি টিএসসি পৌঁছলে নাছিম সূর্যসেন হলে তার বন্ধুদের ফোন করে টিএসসিতে আসতে বলে। শাকিল হাকিম চত্বরে আসলে নাছিমসহ ছাত্রলীগের কর্মীরা তাকে (শাকিলকে) বেদম মারধর করে। এতে শাকিল মাথায় গুরুতর আঘাত পান। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। নাছিম সূর্যসেন হলের ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছেন হলটির একাধিক ছাত্র।