ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের মীরপুর গ্রামের রাস্তার অবস্থা শোচনীয়। সামান্য বৃষ্টি হলে রাস্তায় জমে হাঁটু পানি। মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি রাস্তার পাশে থাকার কারণে তলিয়ে যায় স্কুল মাঠ। জাতীয় সংগীত ও খেলাধূলা করতে পারছে না ছাত্র-ছাত্রীরা। তাছাড়া মীরপুর পোষ্ট অফিস, বাজারের লোকজন প্রতিনিয়ত পানি দিয়ে আসা-যাওয়ার কারণে অনেকের পায়ে চুলকানি হয়েছে বলে জানান এলাকার লোকজন। উপজেলায় আসতে হলে উক্ত রাস্তা ছাড়া আসার কোন বিকল্প পথ নেই। বাড়ি থেকে রাস্তাটি নীচু হওয়ার কারণে বৃষ্টির পানি নামতে পারছে না যার কারণে স্কুলসহ আশেপাশের বেশ কয়টি বাড়িতে অনেক দিন যাবত্ পানি লেগে থাকে। এ সমস্যা দীর্ঘদিনের। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রোস্তম আলমের সাথে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সাথে আলাপ হয়েছে। উপজেলা ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করলে তিনি জানান, জরুরী ভিত্তিতে রাস্তা মেরামতের কাজ শুরু হবে।
