আলোকপাত

তত্ত্বাবধায়ক সরকারের দাবি

আপডেট : ২৮ জুন ২০১৩, ২১:০০
দেশের বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে বলা যায়, এদেশে তত্ত্বাবধায়ক সরকারই দরকার। ক্ষমতাসীন দল আর বিরোধীদল শুধু ক্ষমতায় আসার প্রত্যয়ে দেশে যেকোন পরিস্থিতির সৃষ্টি করছে। তারা এখন জনগণের নিরাপত্তা নিয়ে ভাবছে না। তাই বর্তমান সরকারের ক্ষমতায় থাকা বিগত সোয়া চার বছরের আলোকে বলা যায়, এই দেশে এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারই দরকার। প্রতিটি দল বলে, তারা দেশকে ভালবাসে, দেশের জনগণের জন্য ক্ষমতায় আসতে চায়। দেশের জনগণকে তারা শান্তি দিতে চায়। আবারও সরকার গঠন করতে চায়। কিন্তু কেউ, কোন দল, কোন নেতা আজও নিজের একটা ভুল স্বীকার করে মিডিয়াকে জানায়নি। যেন তারাই সঠিক। জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংসদের কার্যসূচি মূলতবি করে আলোচনার সুযোগ থাকলেও বিগত ২২ বছরে এ পর্যন্ত হাতে গণা ৪টি মূলতবি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। অথচ এই সময়ে অন্তত ১০ হাজার প্রস্তাবের নোটিস দিয়েছিলেন সংসদ সদস্যরা। উল্টো সংসদে ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ করে পাল্টাপাল্টি বক্তব্য দেয়া রেওয়াজে পরিণত হয়েছে। দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়েছে যারা দুর্নীতি করে তাদের দমন করার জন্য। কিন্তু যে সরকার ক্ষমতায় আসে সে সরকার নিজের লোক ও আমালাদের কোন দুর্নীতি খুঁজে পায় না। বর্তমানে আওয়ামী লীগ চায় অন্তর্বতীকালীন সরকারের অধীনে নির্বাচন আর বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো চায় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হোক। সমপ্রতি বর্তমান প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন যে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা হলে তারা (তত্ত্বাবধায়ক) কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে চাইবে। বিরোধীদলীয় নেতা এমনকি আমাকেও (বর্তমান প্রধানমন্ত্রী) কারাগারে যেতে হবে। তারা যদি নিজেদের নির্দোষ মনে করেন ও আত্মবিশ্বাস থাকে তাদের জনগণ ভোট দিবে। তাহলে তত্ত্বাবধায়ক সরকার দিতে সমস্যা কোথায়? তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। তাদের জনপ্রিয়তা থাকলে হয়তো আবারও ক্ষমতায় আসবে। নির্দিষ্ট সময়সীমার পর আওয়ামী লীগের ক্ষমতা হস্তান্তর একমাত্র নির্দলীয় সরকারের হাতে হলে আগামী নির্বাচন সুষ্ঠু হবে। দেশের বর্তমান অবস্থায় বলা যায়, অর্ন্তবর্তীকালীন সরকারের আমলে সুষ্ঠ নির্বাচন সম্ভব হবে না। তাই দেশে আজ এই মুহূর্তে নিরপেক্ষ, নির্দলীয়, তত্ত্বাবধায়ক সরকারই দরকার। তা না হলে দেশ ও দেশের জনগণের ভবিষ্যত্ নিয়ে বেহাল পরিস্থিতি ছাড়া কিছুই আশা করা যাবে না। লেখক : শিক্ষার্থী, তিতুমীর কলেজ, ঢাকা

এ সম্পর্কিত আরও পড়ুন