অধ্যক্ষ কর্নেল নুরন্ নবী (অব.), উপদেষ্টা — মাইলস্টোন কলেজ, উত্তরা।
ক্ষুদেবার্তা প্রেরণ করে বা সরাসরি; যেভাবেই হোক আশা করি সুন্দরভাবে একাদশ শ্রেণির ভর্তি কাজটি সম্পন্ন করেছ। ভর্তি পরবর্তী একাদশ শ্রেণিতে প্রথম ক্লাশের মাধ্যমে তুমি জীবনের একটা নতুন অধ্যায়ের সূচনা করলে। এসএসসিতে কত ভালো রেজাল্ট ছিল বা নামি দামি কলেজে ভর্তি হতে পারলে কী না এটা আর বিবেচ্য বিষয় নয়। আগামীতে তোমাকে ভালো করতে হবে এবং এর জন্য যতটা অধ্যাবসায় করার দরকার তাই তুমি করবে। এখন এবং এই মুহূর্ত থেকে এটাই তোমার একমাত্র টার্গেট হবে। এসএসসির পর কতক ছাত্রছাত্রী নিজ প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে পড়ার সুযোগ পায়, তবে অধিকাংশই নতুন প্রতিষ্ঠান এবং ভিন্ন কোন জায়গায় পা বাড়ায়। সব মিলিয়ে একটা নতুন পরিবেশ এবং অন্যরকম অভিজ্ঞতা।
এসব কিছুকেই তুমি তোমার মতো করে নেবে এবং
এখান থেকেই সূচিত হবে জীবনের মঙ্গল যাত্রা।
প্রতিজ্ঞা করতে হবে নিজের সাথে নিজে। আমি যোগ্যতর হবো এবং আমার দ্বারা পরিবার, দেশ সর্বোপরি সমাজের কল্যাণ কিছু হবে। প্রথম ক্লাশ থেকে নয়, বলবো আজ থেকেই পরিবর্তন করতে হবে; যা ক’দিন আগেও কিছুটা অসুন্দর ছিল। উপস্থাপনা, চলাফেরা, গেটআপ-মেকআপ সবকিছুতেই একটা নান্দনিকতার সূচনা হউক। হয়ত এই প্রচেষ্টাই তোমাকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারবে। কলেজ জীবন নিয়ে রূপক কী ভেবেছ বা কোন গল্প শুনে থাকলে তা একদম ভুলে যেতে হবে। ভালো কিছু করার মানে হচ্ছে— তুমি একদম বাস্তব। এসএসসি থেকে আরও উপরের ক্লাশে মানে আগে যে ক’টা বই নিয়ে ক্লাশে আসতে এখন তারচেয়ে বেশি নিয়ে আসতে হবে এবং ঢের বেশি পড়াশুনা ও নিয়মানুবর্তিতা চর্চা বা মেনে চলার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।
একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছ মানে অনেক বেশি স্বাধীনতা নয় বরং শিক্ষক শিক্ষিকা এবং নিয়মের কাছে নিজেকে একটু পরাধীন রেখে সারাজীবনের জন্য সুখ নামের অন্যরকম স্বাধীনতাকে নিজের করে রাখতে হবে। এটা তোমার অধিকার; যা তোমাকেই অর্জন করতে হবে। মনে মনে ভাবো, ‘কলেজ জীবন’ এটাও তো জীবন যুদ্ধের একটা নতুন মাঠ। যা কিছু ভালো সব কিছু অর্জন করে এই যুদ্ধে তোমাকেই বিজয়ী হতে হবে।
