আফগানিস্তানে ব্রিটেনের একজন সিনিয়র জেনারেল শনিবার বলেছেন, পশ্চিমা বিশ্বের এক দশকেরও বেশি সময় আগে আফগানিস্তানে তালেবানের পতনের পরপরই তাদের সঙ্গে আলোচনায় বসা উচিত ছিল। খবর বাসস’র
সমপ্রতি তালেবানের সঙ্গে আলোচনা শুরুর প্রচেষ্টা লজ্জাজনক পরিস্থিতিতে ভেঙ্গে যাওয়ার পর ব্রিটিশ জেনারেল এ মন্তব্য করলেন। জেনারেল নিক কার্টার লন্ডনভিত্তিক গার্ডিয়ান পত্রিকাকে বলেন, ৯/১১-এর হামলার পর ২০০২ সালে তালেবান যখন আত্মরক্ষামূলক অবস্থানে ছিল তখনই আফগানিস্তানে শান্তি আনার একটি সুযোগ হাতছাড়া হয়ে যায়। তিনি বলেন, তখন ‘তালেবান ছিল পলায়নপর’। সেই পর্যায়ে যদি আমরা খুবই দূরদর্শী হতাম তাহলে হয়তো আমরা বুঝতে পারতাম যে, একটি চূড়ান্ত রাজনৈতিক সমাধানের জন্য সকল আফগানকে আলোচনার টেবিলে বসানো এবং তাদের সঙ্গে তাদের ভবিষ্যত নিয়ে আলোচনা করা দরকার। ন্যাটো নেতৃত্বাধীন কোয়ালিশনের কমান্ডারের ডেপুটি কার্টার স্বীকার করেন যে অতীতের অভিজ্ঞতার আলোকে বিজ্ঞোচিত কাজ করা সহজ, তবে তিনি বলেন, আফগানিস্তানের সমস্যা রাজনৈতিক আর পরস্পরের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সেখানকার জনগণই কেবল এসব সমস্যা সমাধান করতে পারে।
