স্নোডেনকে রাজনৈতিক আশ্রয়ের প্রস্তাব পুনর্ব্যক্ত করলেন মাদুরো

আপডেট : ২৯ জুন ২০১৩, ২১:৩৬
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বৃহস্পতিবার মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁসকারী ফেরারি এডোয়ার্ড স্নোডেনকে রাজনৈতিক আশ্রয় দেয়ার প্রস্তাব পুনর্ব্যক্ত করেছেন। মাদুরো বলেন, ‘যদি সেই যুবকের মানবিক সুরক্ষার প্রয়োজন হয় এবং যদি তিনি মনে করেন যে, তিনি ভেনিজুয়েলা আসতে পারবেন, তাহলে ভেনিজুয়েলা এই সাহসী যুবককে মানবিক পন্থায় সুরক্ষা দিতে প্রস্তুত রয়েছে যাতে মানবতা সত্য শিখতে পারে এবং তার দুর্ভোগের অবসান ঘটে।’ মার্কিন কর্তৃপক্ষ ব্যাপক মার্কিন নজরদারি কর্মসূচির কথা ফাঁস করে দেয়ায় স্নোডেনকে খুঁজছে। ক্রেমলিন জানিয়েছে, রোববার হংকং থেকে মস্কো আসার পর স্নোডেন শেরেমেতিয়েভো বিমানবন্দরের টানজিট জোনে অবস্থান করছেন। তবে স্নোডেন এখনো জনসমক্ষে আসেননি এবং তিনি সোমবার হাভানাগামী একটি বিমানে উঠতে ব্যর্থ হন। ইকুয়েডরই স্নোডেনের সবচেয়ে পছন্দের গন্তব্য বলে মনে হলেও প্রেসিডেন্ট রাফায়েল কোরেরা বৃহস্পতিবার বলেছেন, সরকার এখনো স্নোডেনের বিষয়টি বিবেচনা করেনি। মাদুরো স্নোডেনের কাজকে ‘সত্যের বিদ্রোহ’ উল্লে¬খ করে বলেন, তার কাজ ‘মার্কিন যুবসমাজের মধ্যে ঘটমান বিষয়ের প্রতিনিধিত্বমূলক।’ মাদুরো এ প্রসঙ্গে ইকুয়েডরের প্রেসিডেন্টের প্রতিও সমর্থন ব্যক্ত করে তাকে ‘প্রয়োজনীয় সকল সহায়তার’ আশ্বাস দেন।