সেদিন কথা হচ্ছিলো পরিচিত একজন আলোকচিত্র শিল্পীর সাথে। প্রসঙ্গ উঠলো নাসির আলী মামুনের। বললাম, মামুন ভাই একজন ভালো ফটোগ্রাফার। এ কথা শোনার পর তিনি আমার দিকে খুব তীক্ষ্ন্নভাবে তাকিয়ে বললেন, কী বললেন আপনি, আবার বলেনতো? আমি বললাম, মামুন ভাই একজন ভালো ফটোগ্রাফার। তার তোলা প্রতিটি ছবির গুরুত্ব আছে। একটি স্ট্যান্ডার্ড রক্ষা করে তিনি ছবি তোলেন। তখন তিনি বললেন, তিনি হলেন লিজেন্ড ফটোগ্রাফার। কবি নজরুল থেকে শুরু করে আজকের তরুণ কোনো বিখ্যাত মানুষ—কার ছবি না তিনি তুলেছেন? এরকম করে নাসির আলী মামুনকে নিয়ে আমাদের কথা অন্য আলোচনার ভেতরে নানাভাবে ছড়িয়ে পড়লো ।
নাসির আলী মামুন কি শুধু লিজেন্ড ফটোগ্রাফার? ব্যক্তিগত আলাপচারিতায় যখন তিনি কোনো বিখ্যাত মানুষকে নিয়ে স্মৃতির ডালা মেলে ধরেন তখন যে কোনো শ্রোতার কাছে তা হয়ে ওঠে সঞ্চয়ে রাখার মতো অভিজ্ঞতা। শুধু কি তাই? সঙ্গে থাকে সেই মানুষকে নিয়ে তার ব্যক্তিগত পর্যবেক্ষণের টুকিটাকি। এমন অনেক স্মৃতি কথা তিনি লিখেও আমাদের পড়ার সুযোগ করে দিয়েছেন। তবে তিনি যদি এভাবে একের পর এক স্মৃতিকথা লিখতেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষকে নিয়ে তবে নিঃসন্দেহে তা হতো সামাজিক ইতিহাসের মূল্যবান দলিল। কিছুদিন আগে প্রকাশিত হয়েছে তার বই ‘চাড়ালনামা’। এ বইয়ে ভাষার বিচিত্র গতি, অনুভূতির নানা মাত্রা এবং জীবনকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার অনন্যতা সহজেই আন্দোলিত করে পাঠকচিত্ত।
চার দশকের বেশি সময় ধরে তিনি দেশ-বিদেশের বিশিষ্টজনদের কাছে থাকা ব্যতিক্রমী সংগ্রহ (চশমা, বই, কাগজ, ছবি প্রভৃতি) তিনি সংগ্রহ করছেন। তার কাছে থাকা এমন সব দুর্লভ সংগ্রহের মাধ্যমে সেই বিশিষ্ট মানুষ আমাদের কাছে ভিন্নভাবে ধরা দেয়। শুধু একটি কাগজ হয়ে যায় মানুষ চেনার উপাদান। নাসির আলী মামুনের এই সংগ্রহ তার স্বপ্নের প্রতিষ্ঠান ‘ফটোজিয়াম’-এ দেখার সুযোগ পাওয়া যাবে। এরই মধ্যে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়েছে। ‘ফটোজিয়াম’কে ‘মানুষ নিয়ে জাদুঘর’ বললে কোনোভাবেই ভুল বলা হবে না। আমরা আশা করছি, খুব শীঘ্রই এ জাদুঘর শিল্পরসিকদের পদচারণায় মুখর হবে।
বাংলাদেশের প্রতিকৃতি বিষয়ক আলোকচিত্রে নাসির আলী মামুন পৃথিকৃত্। তার তোলা মানুষের মুখে তিনি ব্যক্তির চরিত্রকে হাজির করেন। বললে ভুল হবে না, সেইসব ছবিতে বিশিষ্ট মানুষের মুখ হয়ে যায় এক একটি মানচিত্র। এই মানচিত্রেই জীবনের বিভিন্ন গলি দর্শকের চেনা হয়ে যায়। এছাড়া দর্শক তার তোলা ছবিতে এক ব্যক্তির বিভিন্ন বয়সের, বিভিন্ন সময়ের ও ঘটনা প্রবাহের প্রমাণ পাবেন। এক্ষেত্রে শিল্পী এস এম সুলতানকে নিয়ে তার তোলা ছবি এ ক্ষেত্রে হতে পারে উল্লেখযোগ্য উদাহরণ। এভাবেই তিনি এখনো সচল আছেন। এখনো তিনি বিশ্বের নানা দেশে গিয়ে তুলছেন বিশিষ্ট মানুষের ছবি—ধরছেন অচেনা জগত্। এভাবেই আজ তিনি ষাট বছরে পদার্পণ করলেন। নাসির আলী মামুনকে জন্মদিনের শুভেচ্ছা।
লেখক: প্রাবন্ধিক ও সাংবাদিক
