গত কয়েক দিনের ভারি বর্ষণ ও উজানের ঢলে ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পাওয়ায় রতনপুর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকিতে পড়েছে।
অপরদিকে ১ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে নির্মীয়মাণ রতনপুর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২শ’ মিটার এলাকায় জিও ব্যাগ ডাম্পিং শেষ হতে না হতেই কিছু অংশ দেবে গেছে। শনিবার ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী-উল-সহিদসহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেবে যাওয়া অংশ পরিদর্শন করেছেন।
দেবে যাওয়া বাঁধটি শেষ পর্যন্ত টিকবে কি না তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। অপরদিকে গজারিয়া ইউনিয়নের নামাপাড়ায় ভাঙন কবলিত এলাকা রক্ষায় কোনো পদক্ষেপ না নেয়ায় জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেজাউল মোস্তফা আসাফুদ্দৌলা বলেন, এ মুহূর্তে বড় ধরনের প্রতিরোধ কাজের জন্য কোন বরাদ্দ পাওয়া যায়নি। তবে ঝুঁকিপূর্ণ এলাকার ভাঙন রোধে সাময়িকভাবে কিছু কাজ করা হচ্ছে। উড়িয়া ইউনিয়নের রতনপুর ও গজারিয়া ইউনিয়নের নামাপাড়া গ্রামের বেশ কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে।
