বিশেষ সম্মানে ভূষিত রন্ধনশিল্পী টমি মিয়া

আপডেট : ০১ জুলাই ২০১৩, ২১:৩৯
বিশ্ববিখ্যাত রন্ধনশিল্পী টমি মিয়া ভারতের আসাম সরকারের চিফ মিনিস্টার তরুণ গগৈর বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন। গত শুক্রবার দুপুরে লন্ডনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে এ সম্মানে ভূষিত করা হয়। এর আগে টমি মিয়ার তৈরি করা বিশেষ বিশেষ রেসিপির স্বাদ নিয়ে তার রান্নার ভুয়সী প্রশংসা করেন মন্ত্রী। সম্প্রতি আসাম সরকারের চিফ মিনিস্টার তরুণ গগৈ ও তার স্ত্রী মিসেস গগৈ লন্ডন সফরে যান। সেখানে সিলেটিদের পক্ষ থেকে তাদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং এই অনুষ্ঠানে টমি মিয়ার বেশ কয়েকটি রেসিপি পরিবেশন করা হয়। এর মধ্যে সিলেট অঞ্চলের সাতকরা ডালের রেসিপির বেশ প্রশংসা কুড়ান টমি মিয়া। এরপর আসামের সর্বোচ্চ সম্মানসূচক অসমিয়া জাপী মাথায় দিয়ে টমি মিয়াকে বিশেষ সম্মানে ভূষিত করেন মন্ত্রী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আসাম কংগ্রেসের সেক্রেটারী জেনারেল এমএইচ চৌধুরী, ব্রিটেনের হাউস অব লর্ডস পলা উদ্দিন, কাউন্সিলর দরছ উল্লাহ, জনমত পত্রিকার বিশিষ্ট সাংবাদিক ইসহাক কাজল, কণ্ঠশিল্পী নাজিম শাহ, রিতা পায়েল, সুস্মিতা মিত্রা, জালাল উদ্দিন ও নাজমা বেগম। বিশ্ববিখ্যাত রন্ধনশিল্পী টমি মিয়ার বাড়ি মৌলভীবাজার জেলার কামালপুর গ্রামে।