ভারতে বন্যা ও ভূমিধসে এখনো নিখোঁজ ৩ হাজার লোক

আপডেট : ০১ জুলাই ২০১৩, ২১:৪০
ভারতের কর্তৃপক্ষ বলছে দুই সপ্তাহ আগে হওয়া বন্যা ও ভূমিধসের ঘটনায় তিন হাজারের মত মানুষ এখনও নিখোঁজ রয়েছে। বন্যায় সবচে’ ক্ষতিগ্রস্ত রাজ্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলেছেন- বন্যায় নিহত মানুষের প্রকৃত সংখ্যা হয়ত কখনোই জানা সম্ভব হবে না। যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় প্রত্যন্ত পাহাড়ী এলাকায় এখনও শত শত মানুষ আটকা পড়ে রয়েছে। বন্যায় ভারতের উত্তরাখণ্ড রাজ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পুরোপুরি নিরূপণ করা যায়নি। তুমুল বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যার তোড়ে ও ভূমিধসে অনেক মানুষ প্রাণ হারিয়েছে। বাড়িঘর, রাস্তাঘাট, ব্রীজ এবং পুরো গ্রাম ভেসে গেছে। এক হাজারের মত মানুষ, যাদের বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বী তীর্থযাত্রী ও পর্যটক প্রাণ হারিয়েছে। ঐ এলাকাটি হিন্দু ধর্মের পবিত্র স্থানগুলোর একটি এবং প্রতিবছর ভারতের বিভিন্ন প্রদেশ ও সারাবিশ্ব থেকে মানুষ সেখানে আসে। রাজ্যের মুখ্যমন্ত্রী ভিজয় বাহুগুনা বলেছেন যে তার হিসাব অনুযায়ী প্রায় তিন হাজারের মত মানুষ এখনো নিখোঁজ রয়েছে। ‘সরকার ঐসব নিখোঁজ মানুষের পরিবারকে ক্ষতিপূরণ দেবে। আর সেজন্য পরিবারগুলোকে এখন এই বলে হলফনামা দিতে হবে যে তাদের পরিবারের ঐ সদস্যরা গত ৩০ দিনের বেশি সময় ধরে বাড়ি ফেরেননি।’ বন্যা আঘাত হানার ছয়দিন পর উদ্ধারকাজ শুরু হওয়ায় সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি।