গতকাল থেকে চট্টগ্রামে শুরু হয়েছে ঈদ ই-বাণিজ্য মেলা ও ডিজিটাল উদ্ভাবনী মেলা। ‘ঘরে বসে কেনাকাটার উত্সব’ স্লোগান নিয়ে আয়োজিত এ মেলা চট্রগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেশিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ও চট্রগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে ‘চট্রগ্রাম ঈদ ই-বাণিজ্য মেলা ২০১৩ ও ডিজিটাল উদ্ভাবনী মেলা’র সহযোগিতায় রয়েছে মাসিক কমপিউটার জগত্। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব মো. নজরুল ইসলাম খান। চট্রগ্রামের জেলা প্রশাসক মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ, চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন ড. ইবরাহীম খান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রফেসর মোহাম্মদ ইফতেখার মনির এবং মেলার সমন্বয়কারী মোহাম্মদ এহতেশাম উদ্দিন মাসুম। তিন দিনব্যাপী এই মেলায় ই-কমার্সের সঙ্গে জড়িত দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা সাধারণ মানুষের সামনে তুলে ধরছে। মেলায় মোট ৫২টি স্টলে ৫১টি প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। মেলা উপলক্ষে বিভিন্ন পণ্য ও সেবাতে রয়েছে বিশেষ ছাড় ও উপহার।
