বৃহস্পতিবার শেষ হয়েছে শেরেবাংলা নগরে জমে ওঠা জাতীয় বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা। সরকারিভাবে সময় বর্ধিত না করলেও গতকাল শুক্রবার ও আজ শনিবার দুইদিন ছুটি থাকায় মেলার আরো দুইদিন বেশি সময় কাটাচ্ছে বেসরকারি ও ব্যক্তিমালিকানার নার্সারিগুলো। মেলা পরিচালনা কমিটির আহ্বায়ক কার্তিক চন্দ্র সরকার জানান, সরকারিভাবে মেলা বর্ধিত করা হয়নি। গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে মেলার মেয়াদ। তবে শুক্রবার ও শনিবার ছুটির দিন থাকায় বেসরকারি ও ব্যক্তিমালিকানার নার্সারিগুলো মেলায় রয়েছে। তিনি জানান, মেলায় গত বৃহস্পতিবার পর্যন্ত ৮ লাখ চারা গাছ বিক্রি হয়েছে। যার মূল্য ৫ কোটি ২ লাখ টাকার উপরে। গত বছরের চেয়ে এ বছর বেশি বিক্রি হয়েছে বলে জানান তিনি।
একাধিক নার্সারি মালিক জানান, মেলার মেয়াদ শেষ। তবে দু’দিন সরকারি ছুটি থাকায় এখানে অবস্থান করা হয়েছে। কারণ অনেক নার্সারি তেমন লাভ করতে পারেনি।
মেলার বর্ধিত এ সময়টাকে হাতছাড়া করছেন না নগরবাসীরা। যান্ত্রিক এ শহরে জীবন থেকে হারিয়ে যাচ্ছে সবুজের প্রকৃতি। গ্রামের মত শহরে খোলামেলা জায়গা না থাকার কারণে অনেকের ইচ্ছে থাকলেও রাশি রাশি গাছ লাগাতে পারছেন না। তবে গাছ লাগানোর ইচ্ছে থাকলে অল্প জায়গাতেও গাছ লাগানো যায় এবং থাকা যায় স্নিগ্ধ সবুজের স্পর্শে। তাই শেষবারের মত বৃক্ষপ্রেমীরা ছুটে আসছেন মেলা প্রাঙ্গণে। রাজধানী শহরের আশেপাশের এলাকা থেকেও আসছেন ক্রেতারা। গতকাল সকল বয়সের মানুষের আনাগোনা ছিল মেলায়। প্রায় সব নার্সারি ও স্টলগুলোতে দর্শনার্থী ও ক্রেতাদের ভিড় দেখা গেছে। তবে গতকাল দর্শনার্থীদের চেয়ে ক্রেতার সংখ্যাই ছিল বেশি।
