ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এমনকি ধূমপানের ফলে ফুসফুসের ক্যান্সার, হার্টের রক্তনালি সরু হয়ে যাওয়া, ব্রংকাইটিসসহ গলার নানা সমস্যা হতে পারে। যারা ধূমপান করেন তাদের প্রায় সকলেই একথা জানেন। এমনকি প্রতিটি সিগারেট ও বিড়ির প্যাকেটে এ সতর্কবাণী লেখা থাকে। তারপরও অনেকে ধূমপান করেন। অনেকে আবার কৌতূহল বশত: ধূমপান করেন। কেউ কেউ টেনশন কমাতে ধূমপান করেন। আবার অনেকের ধারণা ধূমপান করলে মস্তিষ্ক উজ্জীবিত হয়, চিন্তাশক্তি বাড়ে। আসলে এ পর্যন্ত বিজ্ঞানীরা ধূমপানের কোন হিতকর দিক বা ভালো দিক খুঁজে পাননি। মস্তিষ্ক উজ্জীবিত করার কোন প্রমাণও পাননি বিজ্ঞানীরা। মূলত: সিগারেটের মধ্যে থাকা অসংখ্য কেমিক্যাল শরীরে প্রবেশ করে অনেকের মধ্যে সাময়িক উদ্দীপনা সৃষ্টি করে। কিন্তু কখনই মস্তিষ্ক উজ্জীবিত হতে সহায়তা করে না। যুক্তরাষ্ট্রের এবারডিন বিশ্ববিদ্যালয় ও এডিনবরা বিশ্ববিদ্যালয় পরিচালিত গবেষণা তথ্যে বলা হয়, ধূমপানের ফলে মস্তিষ্কের চিন্তাশক্তি বা আইকিউ হ্রাসপায়। এবারডিন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট গবেষণার প্রধান ড: লরেন্স ওহালের মতে ধূমপানের ফলে নি:সৃত ফ্রি র্যাডিকেলস মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্ত করে। পাশাপাশি ধূমপানের ফলে ফুসফুসের ওপর একধরনের ক্ষতিকর প্রভাব রয়েছে এনিয়েও কোন বিতর্ক নেই। তবে ড. লরেন্স এটাও মনে করেন অনেকের মধ্যে এমন বিশ্বাস রয়েছে যে, ধূমপানে মস্তিষ্ক উজ্জীবিত হয়। আইকিউ বাড়ে। কিন্তু এধরনের বিশ্বাসের কোন বিজ্ঞান ভিত্তিক যৌক্তিকতা নেই। লেখক : চুলপড়া, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
