পাকিস্তানে স্থগিত থাকা মৃত্যুদণ্ডের বিধান আবার চালু হচ্ছে। দেশটির সরকার জানিয়েছে অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য এই বিধান চালুর সিদ্ধান্ত নিয়েছে। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠগুলো এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। বর্তমানে বিশ্বের প্রায় ১৫০টি দেশ মৃত্যুদণ্ডের বিধান বাতিল কিংবা কার্যকর স্থগিত রয়েছে। খবর রয়টার্সের।
পাকিস্তানের গত সরকার ২০০৮ সালে মৃত্যুদণ্ডের এই বিধান স্থগিত করে। গত ৩০ জুন স্থগিতের এ মেয়াদ শেষ হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওমর হামিদ খান জানিয়েছেন, সরকার স্থগিতের মেয়াদ আর বৃদ্ধি করবে না। প্রেসিডেন্ট সকল মৃত্যুদণ্ডের অনুমোদন দেন। বর্তমানে দেশটিতে প্রায় ৪শ আসামি কারগারে বন্দী আছে, যাদের মৃত্যুদণ্ড হতে পারে। দেশটিতে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরা করা হয়। ওমর হামিদ জানান, মানবতার বিবেচনায় যাদের মৃত্যুদণ্ড মওকুফ করা হয়েছে তারা বাদে সকলের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। অপরাধ নিয়ন্ত্রণ করার জন্যই এটা করা হচ্ছে বলে তিনি জানান।
