নাইজেরিয়ায় একটি স্কুলে সন্দেহভাজন ইসলামপন্থিদের হামলায় অন্তত ৩০ জন নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। নিহতদের মধ্যে ২৯ জন ছাত্র ও একজন শিক্ষক। শনিবার নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় পোটিসকুম শহরে একটি আবাসিক স্কুলে এ হামলা হয়। সেখানে গত মে মাস থেকে জরুরি অবস্থা চলছে। বোকো হারাম জঙ্গি গোষ্ঠী এ হামলা করেছে বলে অভিযোগ করা হয়েছে। রবিবার ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ক্যাথরিন অ্যাসটন এক বিবৃতি দেন। তিনি বলেন, আমি ৩০ নিরীহ ছাত্র-শিক্ষককে বর্বরোচিত সন্ত্রাসী হামলার মাধ্যমে হত্যা করার তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি শান্তি ও নিরাপত্তা আনতে নাইজেরিয়ানদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং হত্যাকারীদের বিচারের আওতায় আনার আহবান জানান।
কর্মকর্তারা জানান, হামলাকারীরা প্রথমে স্কুলের কয়েকটি ভবনে আগুন লাগায়। এরপর সেখান থেকে পালাতে থাকা ছাত্র-শিক্ষকদের ওপর গুলি চালিয়ে তাদের হত্যা করে। এছাড়া বেশ কয়েকজন শিক্ষার্থী আগুনে দগ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
