কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করে কিন্তু ইয়াহুকে চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। বর্তমান সময়ে সার্চ ইঞ্জিন থেকে শুরু করে সবদিকেই গুগল’র রাজত্ব থাকলেও একটা সময় এই অবস্থানটি ছিল ইয়াহু’র। এই ইয়াহু’র অন্যতম একজন প্রতিষ্ঠাতা ডেভিড ফিলো। ১৯৬৬ সালের ২০ এপ্রিল জন্মগ্রহণ করা ডেভিড ফিলো টুলেন ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে লাভ করেন এমএস ডিগ্রি। ১৯৯৪ সালে জেরি ইয়াংয়ের সাথে তিনি গড়ে তোলেন একটি ওয়েবসাইট যার নাম দেওয়া হয় ‘জেরি অ্যান্ড ডেভিডস গাইড টু দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব’। এটি ছিল অন্যান্য ওয়েবসাইটের একটি ডিরেক্টরি। এই সাইটের নাম পরিবর্তন করে পরবর্তী সময়ে রাখা হয় ইয়াহু। সময়ের পরিক্রমায় এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি ওয়েবসাইটে পরিণত হয়। সি প্রোগ্রামিং ল্যাংগুয়েজে লেখা তার ফিলো সার্ভার প্রোগ্রাম ছিল একটি সার্ভার সফটওয়্যার, যা ইয়াহু’র শুরুর দিকে ব্যবহার করা হতো।
