টেক ফ্যাশন

এলইডি টেট্রিস টাই

আপডেট : ০৯ জুলাই ২০১৩, ২১:২১
প্রযুক্তির কল্যাণে কত ধরনেরই না উদ্ভাবনের খবর পৌঁছে যাচ্ছে মানুষের কাছে। সময়ের সাথে সাথে এখন প্রযুক্তি বিশ্বের অন্যতম সাধারণ একটি প্রবণতা হচ্ছে পরিধানযোগ্য কোনোকিছুর সাথে প্রযুক্তির সংযোগ। এরই ধারাবাহিকতায় জামা, শার্ট, টি-শার্ট এবং এমনকি মোজার সাথেও যুক্ত হয়েছে নানা ধরনের প্রযুক্তি। তবে ভিন্ন ধরনের একটি প্রযুক্তি এবারে সংযোজিত হয়েছে টাইয়ের সাথে। এই টাইয়েই খেলা যাবে জনপ্রিয় টেট্রিস গেম। এর জন্য এই টাইকে ডিজাইন করা হয়েছে ক্ষুদ্রাকৃতির একটি মাইক্রোকন্ট্রোলার দিয়ে। আর তার সাথে রয়েছে মৌলিক রঙের (লাল, সবুজ ও নীল) ৮০ টি এলইডি লাইট। ন্যাভাল ইঞ্জিনিয়ার বিল পোর্টার তৈরি করেছেন এই মজার টাই। এর সাথে রয়েছে ব্লটুথ সংযোগ। ফলে ব্লুটুথ স্মার্টফোন বা ট্যাবলেট থেকেও টেট্রিস খেলা যাবে এই টাইয়ে। এখনও পর্যন্ত অবশ্য প্রোটোটাইপ পর্যায়েই রয়েছে এই টাই। কবে নাগাদ এটি বাণিজ্যিকভাবে তৈরি হতে পারে, সে সম্পর্কে কোনো ধারণা দেননি বিল। আর এই মজার টাই তৈরি করতে তার খরচ হয়েছে মাত্র ৫০ ডলার।