বাংলা কথা ও ইশারায় চলবে রুয়েটে তৈরি রোবট

আপডেট : ১০ জুলাই ২০১৩, ১৯:৪১
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই শিক্ষার্থী এমন এক রোবট তৈরি করেছে, যেটি বাংলা কথা বুঝে চলতে পারবে। ইশারাতেও চলতে সক্ষম এই রোবট। দুই শিক্ষার্থী হলেন সাদলী সালাহউদ্দিন ও সৌমিন ইসলাম। বাংলা কথা বুঝে চলতে পারে, এটাই প্রথম রোবট। রোবটটিকে বাংলা ভাষায় কোনো নির্দেশনা প্রদান করা হলে সে অনুযায়ী কাজ করতে সক্ষম এটি। আবার বাক প্রতিবন্ধীদের ইশারাতেও চলতে সক্ষম এই রোবট। বাংলা শব্দ ডানে যান, বামে যান, থামুন, এবার চলুন—এ রকম বিভিন্ন নির্দেশনায় রোবটটি কীভাবে চলতে পারে, সেটা সম্প্রতি এক প্রদর্শনীতে দেখানো হয়। নির্মাতারা জানান, একে ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে নিয়ন্ত্রণ করা যাবে। রোবটটি যেখানে অবস্থান করবে সেখানকার তাত্ক্ষণিক ছবি ও ভিডিও পাঠাতে সক্ষম। এটি জিপিএস সমর্থন করে।