যাত্রাবাড়ির অবৈধ মাছ বাজার উচ্ছেদ

আপডেট : ১১ জুলাই ২০১৩, ২২:২২
যাত্রাবাড়ি মাছের আড়তের পাশে রাস্তার ওপর অবৈধ মাছ বাজার উচ্ছেদকালে সাড়ে ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মোবাইল কোর্ট। এই সঙ্গে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালের পাশে জনপথ মোড়ে রাস্তার ওপর থেকে অবৈধভাবে স্থাপিত ২০টি টং দোকান উচ্ছেদ করেছেন। বৃহস্পতিবার ভোর ৪টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আনন্দ কুমার বিশ্বাস, সম্পত্তি কর্মকর্তা শামসুল আলম, উপ-সহকারী প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেলের নেতৃত্বে এবং যাত্রাবাড়ি থানা পুলিশের সহযোগিতায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এই বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আনন্দ কুমার বিশ্বাস। তিনি জানান, যাত্রাবাড়ি এলাকায় ভয়াবহ যানজট কমানো এবং চলমান ফ্লাইওভারের কাজের স্বার্থে এই উচ্ছেদ চালানো হচ্ছে।