ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে একটি কারাগারে দাঙ্গায় কমপক্ষে পাঁচজন নিহত ও বহুলোক আহত হয়েছে। উত্তেজিত বন্দিরা এ সময় কারাগারের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করে। তারা ১৫ কারা কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ২শ’ কয়েদী তখন পালিয়ে যেতে সক্ষম হয়।
পুুলিশ জানায়, সুমাত্রা দ্বীপের মেদান শহরের তানজুং গুসতা কারাগারে বন্দিরা সেদিন হঠাত্ করে ক্ষিপ্ত হয়ে উঠে। এক সময়ে সেখানে প্রচণ্ড দাঙ্গা বেঁধে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন কয়েদী ও ২ জন কারা কর্মচারী। তারা কয়েদীদের লাগানো আগুনে পুড়ে মারা যান বলে জানা গেছে। পুলিশ জানায়, পলাতকদের মধ্যে ৬০ জনকে এ পর্যন্ত পুনরায় গ্রেফতার করা হয়েছে। সংবাদদাতা আরো জানান, পার্শ্ববর্তী প্রদেশ থেকে কয়েক হাজার নিরাপত্তা কর্মী এনে কারাগারের তল্লাশি অভিযানে সহায়তা প্রদান করা হয়েছে। এদিকে ইন্দোনেশিয়ার বিচার ও মানবাধিকার মন্ত্রী কারাগারের সাত বন্দির সঙ্গে শুক্রবার সকালে বৈঠক করেছেন বলে জানা গেছে। দাঙ্গার সূত্রপাত হয়, কারাগারে তীব্র পানি সংকট নিয়ে। বৃহস্পতিবার সকালে বিদ্যুতের লাইন কেটে দেয়া হলে এক মুহূর্তে তারা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠে।
