দুপচাঁচিয়ায় জালটাকা তৈরির সরঞ্জাম ও টাকাসহ গ্রেফতার দুই

আপডেট : ১৩ মে ২০১৯, ১৯:৩৪

বগুড়ার দুপচাঁচিয়ায় জাল টাকা তৈরির যন্ত্র, জাল ১ হাজার টাকার ৩০০টি নোটসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ রবিবার উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাঝিড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, আশরাফুল ইসলাম (৪৫) ও আক্তারুজ্জামান (৪০)।

আশরাফুল নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার ওয়ারিখন্ডা গ্রামের দবির উদ্দিনের ছেলে। আক্তারুজ্জামান একই উপজেলার আবাদপুর গ্রামের কাফিজ উদ্দিনের ছেলে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বিকেলে নওগাঁর পত্নীতলা উপজেলার শিহারা বাজার থেকে জাল নোট তৈরির প্রিন্টার মেশিন জব্দ করা হয়। 

গোপন সংবাদের ভিত্তিতে ওসি (তদন্ত) শহিদুল ইসলামের নেতৃত্বে সাব ইন্সপেক্টর (এসআই) জাকির হোসেন এবং সহকারী সাব ইন্সপেক্টর (এএসআই) আব্দুর রাজ্জাক এবং কয়েকজন কনস্টেবলকে নিয়ে ঝাঁঝিড়া গ্রামে যান। তারা জনৈক মনির উদ্দিনের বাড়ির পশ্চিম পাশে কাঁচা সড়কে সন্দেহজনক ঘোরাফেরা করার সময় আশরাফুল ইসলাম ও আখতারুজ্জামানকে আটক করে।

আটকের পর তাদের শরীর তল্লাশী করে ১ হাজার টাকার জাল ৩০০টি নোট উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদকালে তারা বলেন, নওগাঁর পত্নীতলায় আশরাফুল ইসলামের মালিকানাধীন কীটনাশকের দোকানে জাল টাকা ছাপানোর কথা স্বীকার করেন। ঐ দিন বিকেলে তাদের নিয়ে নওগাঁর পত্নীতলায় আশরাফুলের দোকানে জাল টাকা তৈরির প্রিন্টার মেশিন জব্দ করা হয়। 

আরও পড়ুনঃ নরসিংদীতে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান ৩ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির প্রিন্টার মেশিনসহ দুই ব্যক্তিকে গ্রেফতারের কথা স্বীকার করেন। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতায়নে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/নূহু