ফের মাওবাদী নাশকতায় রক্তাক্ত হল বিহার। জামুই, কুধনির পর এবার ঔরঙ্গাবাদ জেলার গোহা। বুধবার এই এলাকায় একটি কালভার্ট নির্মাণের সময় মাওবাদীরা সশস্ত্র হামলা চালায়। তাতে নির্মাণ কাজের নিরাপত্তার দায়িত্বে থাকা পাঁচজন নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজনই বিহার সশস্ত্র পুলিশের জওয়ান। বাকি দুইজন একটি বেসরকারি নিরাপত্তা বাহিনীর কর্মী। ঔরঙ্গাবাদ থেকে পিটিআই’র উদ্ধৃতি দিয়ে কলকাতার বর্তমান পত্রিকার খবরে একথা বলা হয়।
মাওবাদীদের বোমা বিস্ফোরণেই সবাই মারা গেছেন বলে পুলিশ সূত্রের খবর। ঐ বিস্ফোরণে উড়ে গেছে নির্মীয়মাণ কালভার্টের একটা বড় অংশ। নিহত নিরাপত্তারক্ষীদের কাছ থেকে প্রায় ১৫টি রাইফেল মাওবাদীরা লুট করেছে। ঘটনার পরই গোটা ঔরঙ্গাবাদ জেলার নিরাপত্তার কড়াকড়ি করেছে বিহার পুলিশ। নিরাপত্তা বাড়ানো হয়েছে রেল ও সড়ক পথেও। রাজ্যের প্রতিটি থানাকেও বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়েছে। বিহার পুলিশের ডিজি অভয়ানন্দ জানিয়েছেন, হামলার খবর পেয়েই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয়েছে। এলাকায় তল্লাশি অভিযান বাড়ানো হয়েছে।
গত ১৩ জুন পাটনা-ধানবাদ ইন্টারসিটি এক্সপ্রেসে হামলা চালায় মাওবাদীদের একটি সশস্ত্র বাহিনী। ট্রেন থামিয়ে গুলি করে তিনজন নিরাপত্তারক্ষীকে হত্যা করে তারা। লুট করা হয় রাইফেলও। তারও আগে অর্থাত্ মে মাসে ছত্তিশগড়ে কংগ্রেসের মিছিলের উপর হামলা চালায় মাওবাদীরা। তাতে প্রচুর কংগ্রেস কর্মীর মৃত্যু হয়। চলতি মাসের ৩ তারিখে ঝাড়খণ্ডে মাও-হানার মৃত্যু পাকুড় জেলার পুলিশ সুপার অমরজিত্ বলিহারসহ ৬ জন পুলিশ কর্মী।
