আফগান রাজধানী কাবুলের দক্ষিণে বৃহস্পতিবার তালেবান বন্দুকধারীদের হামলায় আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সেখানে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে কাজে যোগ দিতে যাওয়ার সময় এ হামলা চালানো হয়। লোগার প্রদেশের উপ-পুলিশ প্রধান রইস খান সাদেক জানান, তালেবান জঙ্গিরা আজ সকালে মার্কিন সামরিক ঘাঁটি ক্যাম্প শাঙ্কে কর্মরত আটজন আফগান শ্রমিককে হত্যা করে।
এএফপি’র খবরে বলা হয়, কাবুলের পার্শ্ববর্তী লোগার হচ্ছে তালেবানের একটি শক্তিশালী ঘাঁটি। তিনি এএফপি’কে জানান, তাদেরকে গাড়ির ভেতর থেকে জোরপূর্বক বের করে এনে পার্শ্ববর্তী একটি গ্রামে নেয়া হয়। সেখানে তাদেরকে একের পর এক মাথায় গুলি করে হত্যা করা হয়।
