সৈয়দপুরে চলছে ভেজাল লাচ্ছা সেমাই তৈরির প্রতিযোগিতা

আপডেট : ১৯ জুলাই ২০১৩, ২১:১৪
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে চলছে ভেজাল লাচ্ছা সেমাই তৈরির প্রতিযোগিতা। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী প্রতিবছর ঈদের সময় ভেজাল লাচ্ছা সেমাই তৈরি ও বাজারজাত করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে থাকে। এরা অত্যন্ত নিম্নমানের তেল নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ এবং পচা ও খাবার অনুপযোগী আটা আর ময়দা, তেল ব্যবহার করছে লাচ্ছা সেমাই তৈরিতে। এসব সেমাই যেভাবে তৈরি করা হচ্ছে তা একবার দেখলে জীবনে সেমাই খাওয়া থেকে বিরত থাকতে হবে। কতিপয় প্রতিষ্ঠান নিয়ম-কানুন ও খাবার উপযোগী লাচ্ছা সেমাই তৈরি করলেও ভুঁইফোঁড় প্রতিষ্ঠান শুধুমাত্র অর্থ উপার্জন করতে ভেজাল সেমাই তৈরিতে মেতে উঠেছে। অনেকেই ভ্রাম্যমাণ আদালতের ভয়ে শহর থেকে ৩/৪ কিলোমিটার দূরে গ্রামাঞ্চলে বাসা ভাড়া নিয়ে গোপনে এ লাচ্ছা তৈরি করছে। তৈরিকৃত ওই সকল লাচ্ছা সেমাই নকল প্যাকেটে ভরা হচ্ছে এবং প্যাকেটের গায়ে লেখা হচ্ছে ঢাকা, চট্টগ্রামসহ বড় বড় শহরের নামকরা কোম্পানির নাম। পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার পর এই ভেজাল লাচ্ছা সেমাই খেলে যে কেউ অসুস্থ হয়ে পড়তে পারেন বলে চিকিত্সকরা মত দিয়েছেন।