আইটি খাতে মানবসম্পদ উন্নয়নে এ বছর থেকে ঢাকায় জাতীয় আইটি দক্ষতা যাচাই পরীক্ষা অনুুষ্ঠিত হবে। পরীক্ষা নেওয়ার জন্যে আগারগাঁওয়ের বিসিসি (বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল) ভবনে বাংলাদেশ আইটি ইঞ্জিনিয়ারস এক্সামিনেশন সেন্টার (বিডিআইটিসি) স্থাপিত হয়েছে। এ পরীক্ষার মাধ্যমে মানসম্পন্ন আইটি প্রফেশনাল বাছাই করা সম্ভব হবে বলে অভিমত প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। সম্প্রতি বেসিস মিলনায়তনে আইটিইই (ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন) ম্যানেজমেন্ট প্রকল্প আয়োজিত এক সেমিনারে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। বেসিস সভাপতি একেএম ফাহিম মাশরুরের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি ছিলেন বিসিসি’র নির্বাহী পরিচালক এসএম আশফাক হুসেন, স্বাগত বক্তব্য রাখেন আইটিইই ম্যানেজমেন্টের প্রকল্প পরিচালক ড. এসকে আমজাদ হোসেন এবং কি নোট পেপার উপস্থাপন করেন বুয়েটের প্রফেসর ড. এম. মাহফুজুল ইসলাম। এই পরীক্ষার সময়, সিলেবাস প্রভৃতি শীঘ্রই জানানো হবে।
