চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক তিব্বতী ভিক্ষু শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন। একমাসের বেশি সময় ধরে এটা এ ধরনের প্রথম প্রতিবাদ। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে রেডিও ফ্রি এশিয়া জানায়, কুঞ্চক সোনম (১৮) নামের ওই ভিক্ষু শনিবার আবা এলাকার ভিক্ষুদের আশ্রমের বাইরে এই প্রতিবাদ জানান। মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত টেলিভিশন চ্যানেলটি জানায়, ‘আত্মাহুতি দেয়ার আগে সোনম ‘‘তিব্বতের স্বাধীনতার জন্য কাঁদো’’ বলে শ্লোগান দেন।’ পাঁচ সপ্তাহের মধ্যে চীনে এই প্রথম কোন তিব্বতী আত্মহত্যা করলেন। প্রতিবেদনটিতে বলা হয়, অন্যান্য ভিক্ষু চীনা কর্তৃপক্ষকে সোনমের মৃতদেহ নিয়ে যেতে বাধা দেন। ওয়াশিংটন ভিত্তিক ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন ফর তিব্বত জানায়, ২০০৯ সালের ফেব্রুয়ারি থেকে চীনের দমননীতির প্রতিবাদে ১২০ তিব্বতী আত্মহত্যা করেন। বেইজিং এ ধরনের ঘটনার নিন্দা জানিয়ে এর জন্য নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামাকে দায়ী করে আসছে। চীনা কর্তৃপক্ষের অভিযোগ, দালাই লামা তিব্বতকে বিচ্ছিন্ন করার জন্য এদের ব্যবহার করছেন।
