স্বাধীনতা চিকিত্সক পরিষদ (সাচিব) নেতা নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলায় ১০ আসামির বিরুদ্ধে চার্জগঠন করেছে আদালত। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ মামলায় বিচার প্রক্রিয়া শুরু হলো। অভিযুক্ত আসামিরা হলেন, নিহত চিকিত্সকের গাড়ি চালক কামরুল হাসান ওরফে অরুন, মিন্টু ওরফে মাসুম মিন্টু ওরফে বারগিরা মিন্টু, মো. রফিকুল ইসলাম, মো. সাঈদ বেপারি, মো. বকুল মিয়া, মো. হোসেন মিঝি, ফয়সাল, মাসুম ওরফে পেদা মাসুম, মো. আবুল কালাম ওরফে পিচ্চি কালাম ও সাইদুল। সোমবার ঢাকার ১০ নম্বর বিশেষ জজ মো. জাফরোল হাছান আসামিদের বিরুদ্ধে চুরি, চোরাই মাল গ্রহণ ও হত্যার অপরাধে অভিযুক্ত করে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে আগামী ১৪ আগস্ট সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন।
শুনানিকালে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এসময় তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শোনানো হলে তারা নিজেদের নির্দোষ দাবি করে।
চলতি বছরের ১১ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা মহানগর ডিবি পুলিশের পরিদর্শক গাজী আতাউর রহমান উল্লেখিতদের চুরি, চোরাই মাল গ্রহণ ও হত্যার অপরাধে আসামিদের অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। চুরি করার সময় দেখে ফেলায় ডা. নিতাইকে হত্যা করা হয়। আসামিরা নগদ ৫ লাখ টাকা ও ২টি স্বর্ণের বালা নিয়ে যায় বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। চার্জশিটে মোট ২৯ জনকে সাক্ষী করা হয়েছে।
প্রসঙ্গত, গত বছর ২৩ আগস্ট ভোররাতে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের আবাসিক ভবনে খুন হন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের নির্বাহী পর্ষদের সদস্য ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই।
