উন্মুক্ত তথ্যের পক্ষে টেক জায়ান্টদের অবস্থান

আপডেট : ২৩ জুলাই ২০১৩, ১৯:৫৮
তথ্যের উন্মুক্ততা নিয়ে সারা বিশ্বে, বিশেষ করে প্রযুক্তি বিশ্বে চলছে তোলপাড়। গত কয়েকদিনে বড় বড় সব প্রযুক্তি প্রতিষ্ঠান জানিয়েছে, বিভিন্ন দেশের রাষ্ট্রপক্ষ থেকে তাদের কাছে গ্রাহকদের অ্যাকাউন্টের ব্যাক্তিগত অনেক তথ্যই চাওয়া হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র সরকারের ‘প্রিজম’ প্রকল্পের আওতায় ব্যক্তিগত এসব তথ্যে সরকারি সংস্থাগুলোর নজরদারির কথা জানা গেছে। তবে সরকারি সংস্থাগুলো যদি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছে তাদের গ্রাহকদের ব্যাক্তিগত তথ্য চায়, তাহলে এই তথ্য গ্রাহকদের জানানোর পক্ষে অবস্থান নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। সম্প্রতি গুগল, অ্যাপলসহ প্রযুক্তি বিশ্বের শীর্ষ কয়েকটি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র সরকারের কাছে এই দাবি জানিয়েছে। তাদের কাছে কোন ধরনের তথ্য জানতে চাওয়া হয়েছে, তা আরও বিশদভাবে নিয়মিত প্রযুক্তি বিশ্বকে জানানোর পক্ষে তাদের অবস্থান। বর্তমানে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এই সংক্রান্ত খুব কম তথ্যই প্রকাশ করতে পারে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের দাবি জানিয়েছে চিঠি পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) পরিচালক জেনারেল কেইথ আলেক্সান্ডারের কাছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং কংগ্রেসের কাছেও একই চিঠি পাঠানো হয়েছে। গুগল, অ্যাপল ছাড়াও ফেসবুক, টুইটার, লিংকডইনের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোও এই চিঠিতে স্বাক্ষর করেছে। পাশাপাশি মানবাধিকার সংস্থা এবং ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠানগুলোও এই উদ্যোগকে সমর্থন করছে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর দাবির মুখে বিস্তারিত কিছু এখনও জানায়নি এনএসএ কর্তৃপক্ষ। তবে জেনারেল আলেক্সান্ডার জানিয়েছেন, তারা যে সঠিক কাজটিই করছেন সেটা প্রমাণের জন্য তারা পিছপা হবেন না।