বাংলাদেশের তরুণ সফটওয়্যার ডেভেলপারদের নিয়ে শুরু হলো ‘জিপিআইটি-প্রিয়.কম অ্যাপস উত্সব ২০১৩’। সম্প্রতি এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, বুয়েটের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, জিপিআইটি’র প্রধান নির্বাহী রায়হান শামসী, চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ ও প্রিয়.কম-এর সম্পাদক জাকারিয়া স্বপন। বর্তমানের বিলিয়ন ডলারের বিশ্ব অ্যাপস বাজারে বাংলাদেশের তরুণরাও স্থান করে নিতে পারবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। তবে এর জন্য তরুণদের সঠিক অনুপ্রেরণা এবং দিক নির্দেশনা প্রয়োজন বলে মন্তব্য করেন তারা। আয়োজকরা জানান, উত্সবের চূড়ান্ত ৫ বিজয়ী যুক্তরাষ্ট্রের ‘সিলিকন ভ্যালি’র বিশ্বসেরা সব তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ভ্রমণের সুযোগ পাবেন। অ্যাপস উত্সবের বিস্তারিত তথ্য পাওয়া যাবে http://appsfactory.com.bd সাইটে।
